স্বামীর কথায় ভোট দেবেন না গৃহিণীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌর নির্বাচনে কাকে ভোট দেবেন, সেই হিসাব ইতিমধ্যে কষে নিয়েছেন পঞ্চগড়ের গৃহিণী ভোটারদের অনেকেই। তাঁরা বলছেন, এবার স্বামী বা কারও কথায় ভোট দেবেন না। প্রতীক নয়, দেখেশুনে, বুঝে সৎ, যোগ্য ও শিক্ষিত প্রার্থীকে ভোট দেবেন।
এবারই প্রথম দলীয় প্রতীকে পৌর নির্বাচন হচ্ছে। তাই প্রার্থীদের সম্পর্কে নিজেদের পছন্দ-অপছন্দের কথা জানতে পঞ্চগড় পৌরসভার বিভিন্ন স্তরের বেশ কয়েকজন গৃহিণীর সঙ্গে কথা বলেন প্রথম আলোর প্রতিনিধি।
রামেরডাঙ্গা এলাকার বৃদ্ধা তমিলা বেওয়া বলেন, ‘ভোটত যায় যায় দাঁড়াইছে, সবায় ভোট চায়। ইয়ার আগত (এর আগে) মুই ১৫-১৬ বার ভোট দিচুং। এবার ভোট দিম দেকি-শুনি (দেখেশুনে)।’ একই এলাকার গৃহিণী শারমিন আকতার (১৯) এবার নতুন ভোটার হয়েছেন। প্রতীক দেখে নয়, সৎ প্রার্থী দেখে ভোট দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘নারী নির্যাতন, যৌতুক ও শিশুশ্রম বন্ধে কাজ করবে এমন ওয়াদা যে প্রার্থী করবে, তাকেই ভোট দেব।’ মোছা. জরিনা (৭৫) বেগম বলেন, ‘মোক যায় রিলিফ দেওয়ার কতা কইবে, মুই তাকে ভোট দিম। শুননু এবার টাকাপাইসা নাকি দিচে।’
কায়েতপাড়ার মিনারা বেগম বলেন, ‘যাকে যোগ্য, দক্ষ, সৎ মনে হবে তাকেই ভোট দেব।’ একটু অন্য রকম ভাবনার কথা বললেন ইসলামবাগের গৃহিণী রেহেনা আকতার (২৭)। তিনি বলেন, নারীদের উন্নয়নে যে প্রার্থী কাজ করবেন, তিনি তাঁকেই ভোট দেবেন। পুরোনো পঞ্চগড় এলাকার শেফালী আকতার (২৫) বলেন, ‘জীবনের প্রথম ভোট সৎ ও যোগ্য প্রার্থী দেখে দেব।’
ডোকরোপাড়ার গৃহিণী মোছা. কামরুন নাহার (২০) বলেন, ‘জীবনের প্রথম ভোট দিতে পারব বলে আনন্দ লাগছে। সৎ, যোগ্য এবং শিক্ষিত প্রার্থী দেখে ভোট দেব।’ জালাসী এলাকার গৃহিণী মোছা. মকছেদা বেগম (৩১) বলেন, ‘কারও কথায় এমনকি স্বামীর কথায়ও এবার ভোট দেব না। দেখেশুনে, বুঝে ভোট দেব। ফটো থাকায় জাল ভোট বন্ধ হবে।’ নিউমার্কেট এলাকার মোছা. রেজিয়া খাতুন (৪২) বলেন, ‘এবার ভালো লোক দেখে ভোট দেব।’
প্রথম শ্রেণির মর্যাদার পৌরসভা পঞ্চগড়ে এবার মেয়র পদে চারজন, সংরক্ষিত আসনে নারী কাউন্সিলর ১৪ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আওয়ামী লীগের জাকিয়া খাতুন নৌকা, ২০-দলীয় জোটের বর্তমান মেয়র তৌহিদুল ইসলাম ধানের শীষ, জাসদের আবদুল মজিদ মশাল এবং জেলা জামায়াতের আমির স্বতন্ত্র প্রার্থী আবদুল খালেক নারকেলগাছ প্রতীক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন।
রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, পঞ্চগড় পৌরসভায় ভোটারের সংখ্যা ৩০ হাজার ৭৭৫ জন। এর মধ্যে পুরুষ ১৫ হাজার ৩৭৫ জন এবং নারী ভোটার ১৫ হাজার ৪০০ জন।