স্বামীর কবরের পাশে শায়িত হলেন জাহানারা জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামারুজ্জামানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তাঁর স্ত্রী জাহানারা জামান। গতকাল মঙ্গলবার বেলা তিনটায় রাজশাহী নগরের কাদিরগঞ্জে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
গতকাল দুপুরে নগরের হজরত শাহ মখদুম (র.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জাহানারা জামানের জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন পাট ও বস্ত্রমন্ত্রী ইমাজ উদ্দিন প্রামাণিক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু। জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর বড় ছেলে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন মায়ের জন্য সবার কাছে দোয়া চান।
৮৪ বছর বয়সে গত রোববার রাতে ঢাকার গুলশানে নিজ বাসায় মারা যান জাহানারা জামান। গতকাল বিমানবাহিনীর একটি হেলিকপ্টারে করে তাঁর লাশ রাজশাহীর হজরত শাহ মখদুম (র.) বিমানবন্দরে নিয়ে আসা হয়। সেখান থেকে মরদেহ নিয়ে যাওয়া হয় রাজশাহী নগরের উপশহর এলাকায় ছেলে খায়রুজ্জামান লিটনের বাড়িতে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় নগরীর কাদিরগঞ্জে তাঁদের আদি বাড়িতে।