স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একদল দুর্বৃত্ত প্রবাসী এক ব্যক্তির কাছ থেকে তাঁর স্ত্রীকে (২২) ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত শনিবার রাত নয়টার দিকে উপজেলার তারুন্দিয়া ইউনিয়নের গজারিয়া এলাকায় এ ঘটনা ঘটেছে। ওই প্রবাসীর বাড়ি মুক্তাগাছা উপজেলার কৃষ্ণপুর গ্রামে। তিনি স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
ঈশ্বরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ফারুক আহাম্মদ জানান, গৃহবধূকে অপহরণের ঘটনায় তাঁর বাবা বাদী হয়ে গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামের মফিজুলসহ সাতজনকে আসামি করে গতকাল রোববার রাতে ঈশ্বরগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ গৃহবধূকে উদ্ধারের চেষ্টা করছে।
প্রবাসী স্বামী জানান, তিনি আড়াই বছর আগে ঈশ্বরগঞ্জের উচাখিলা ইউনিয়নের বালিহাটা গ্রামে বিয়ে করেন। পাঁচ দিন আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। শনিবার রাতে স্ত্রীকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে তিনি শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। ওই অটোরিকশায় তাঁরা ছাড়া আরও তিনজন যাত্রী ছিলেন। পথে গজারিয়া এলাকায় পেছন থেকে একাধিক মোটরসাইকেলে করে কিছু লোক এসে অটোরিকশার গতিরোধ করে। তারা অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে এবং তাঁকে বেদম মারধর করে। একপর্যায়ে তাঁর সঙ্গে থাকা টাকা-পয়সা, সোনার গয়না কেড়ে নেয় এবং যাওয়ার সময় তাঁর স্ত্রীকে টেনেহিঁচড়ে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। ঘটনাটি তিনি তাৎক্ষণিকভাবে শ্বশুরকে জানালে তিনি গ্রামের লোকজন নিয়ে ঘটনাস্থলে আসেন।
গৃহবধূর বাবা জানান, তাঁর মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছিল পাশের গৌরীপুরের খোদাবক্সপুর গ্রামের মফিজুল। তিনি মেয়েকে সেখানে বিয়ে দেননি। এ ঘটনায় মফিজুল ক্ষুব্ধ ছিল। তাঁর ধারণা, মফিজুল তার সাঙ্গপাঙ্গদের নিয়ে এ ঘটনা ঘটিয়েছে।
তবে এ বিষয়ে মফিজুলের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।