স্বামীর কারাদণ্ডে খুশি স্ত্রী!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার মিরপুরে ভাষা মণ্ডল (৩৫) নামে মাদকাসক্ত এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার দুপুরে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম সুবর্ণা রানী এ দণ্ডাদেশ দেন। পরে তাঁকে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্ত ভাষা মণ্ডল মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের শওড়াবাড়ী গ্রামের মৃত আনসার মণ্ডলের ছেলে। মাদকাসক্ত স্বামীর কারাদণ্ড হওয়ায় খুশি হয়েছেন তাঁর স্ত্রী।

মিরপুর উপজেলার আহাম্মদপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম জানান, ভাষা মণ্ডল দীর্ঘদিন ধরে গাঁজা সেবন ও বিক্রি করে আসছেন। কখনো গাঁজা না পেলে তিনি স্ত্রী-সন্তানের ওপর নির্যাতন শুরু করতেন। মঙ্গলবার সকালে নেশাগ্রস্ত হয়ে তিনি স্ত্রী-সন্তানকে মারধর করেন। ঘরের আসবাব ভাঙচুর করেন। এমন আচরণে অতিষ্ঠ হয়ে তাঁর স্ত্রী বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ তাঁর বাড়িতে অভিযান চালিয়ে পাঁচ পুরিয়া গাঁজাসহ তাঁকে আটক করে। পরে তাঁকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাঁকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

নির্বাহী হাকিম সুবর্ণা রানী সাহা সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ভাষা মণ্ডলের স্ত্রী ও সন্তানদের পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়। এতে অভিযোগের সত্যতা পাওয়া যায়। তাঁর স্ত্রী জানান, স্বামীর কারাদণ্ডে তিনি খুশি হয়েছেন।