স্বামীর কেরোসিনের আগুনে গৃহবধূ জেসমিন কাতরাচ্ছেন হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যৌতুকের দাবিতে স্বামীর নির্যাতন সহ্য করেও সংসার করে যেতে চেয়েছিলেন গৃহবধূ জেসমিন আকতার (২৮)। কিন্তু নির্যাতনের মাত্রা এতটাই বেড়ে যায়, শেষ পর্যন্ত পাষণ্ড স্বামীর দেওয়া কেরোসিনের আগুনে দগ্ধ হয়ে এখন ঠাঁই হয়েছে নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে। নির্মম এই ঘটনাটি জেলার সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের মাহুতলা গ্রামের মোল্লাবাড়ির। গত ১০ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে শ্বশুরবাড়িতে বসতঘরের ভেতর জেসিমেনর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেন স্বামী মোয়াজ্জেম হোসেন। এ ঘটনায় জেসমিনের চাচা মীর হোসেন বাদী হয়ে ১৬ অক্টোবর থানায় মামলা দায়ের করলে পুলিশ ওই দিন রাতেই অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে।গতকাল রোববার সরেজমিনে হাসপাতালে গিয়ে দেখা যায়, আগুনে পুড়ে যাওয়া শরীর নিয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন জেসমিন আকতার। যন্ত্রণার কারণে ঠিকমতো ঘটনার বর্ণনা দিতে পারছিলেন না। একটু এদিকে-সেদিকও নড়তে পারেন না। ঘটনার বর্ণনা জিজ্ঞেস করতেই দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়তে থাকে অঝোর ধারায়। পাশে থাকা বড় ভাই সৌদিপ্রবাসী মো. ইউছুফ ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ২০০৮ সালের ২ ফেব্রুয়ারি একই গ্রামের আবদুর রশিদের ছেলে মোয়াজ্জেম হোসেনের (৪০) সঙ্গে বিয়ে হয় তাঁর ছোট বোন জেসমিন আকতারের। বিয়ের সময়ও স্বামীকে যৌতুক হিসেবে নানা জিনিসপত্র দেওয়া হয়। কিছুদিন যেতে না যেতে মোয়াজ্জেম আরও যৌতুকের দাবিতে নানা অজুহাতে জেসমিনের ওপর নির্যাতন শুরু করেন।এরই মধ্যে জেসমিনের সংসারে একটি পুত্রসন্তান মেহরাব হোসেনের জন্ম হয়। যার বর্তমান বয়স তিন বছর। সন্তানের ভবিষ্যতের দিকে চেয়ে স্বামীর নির্যাতন সহ্য করে সংসার করে যান। ইউছুফ জানান, কিছুদিন আগে তাঁর বড় ভাই এবং তিনি দেশে এলে জেসমিনের স্বামী যৌতুকের দাবিতে নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন এবং তাঁকে বাপের বাড়ি থেকে ১০ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হতো। ইউছুফ আরও জানান, ঘটনার রাতে যৌতুক এনে না দেওয়ায় মোয়াজ্জেম জেসমিনকে বেদম মারধর করেন। একপর্যায়ে তিনি তাঁর শরীরে কেরোসিন ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেন। এ সময় জেসমিনের চিৎকারে বাড়ির অন্যান্য ঘরের লোকজন এসে তাঁকে উদ্ধার করে। পরে বাড়ির লোকজনের মাধ্যমে তাঁরা খবর পেয়ে জেসমিনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।হাসপাতালের চিকিৎসক ফজলুর রহমান মানিক প্রথম আলোকে বলেন, আগুনে জেসমিনের বুক, পেট এবং দুই হাতের বিভিন্ন অংশ পুড়ে গেছে। বর্তমানে তাঁর অবস্থা উন্নতির দিকে। তবে, ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করলে ভালো হতো।মামলার তদন্তকারী কর্মকর্তা (ওসি) সোনাইমুড়ী থানার পরিদর্শক (তদন্ত) আক্রাম হোসেন মজুমদার প্রথম আলোকে বলেন, প্রাথমিক তদন্তে স্বামী মোয়াজ্জেম হোসেনই যে যৌতুকের দাবিতে জেসমিনের শরীরে কেরোসিন ঢেলে আগুন দিয়েছেন, এর পক্ষে পর্যাপ্ত তথ্য পাওয়া গেছে। অভিযুক্ত মোয়াজ্জেমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।