স্বামীর গলাকাটা, স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
সদর উপজেলায় গত শুক্রবার রাতে জোড়া হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার সকালে উপজেলার পুটাইল ইউনিয়নের ধল্লা কাফাটিয়া গ্রাম থেকে স্বামীর জবাই করা এবং তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত স্বামী-স্ত্রী হলেন শহিদুল ইসলাম ওরফে ধলা মিয়া (৪০) ও হেনা আক্তার (৩৫)। ময়নাতদন্তের জন্য তাঁদের লাশ গতকাল দুপুরে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ধারণা করছে, দাম্পত্য কলহের জের ধরে স্বামীকে জবাই করে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছেন।
পুলিশ, এলাকাবাসী এবং নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় ১৪ বছর আগে ধল্লা কাফাটিয়া গ্রামের মাজেদ আলীর ছেলে ধলা মিয়া প্রতিবেশী ওহেদ আলীর মেয়ে মনোয়ারা বেগমকে বিয়ে করেন। তাঁদের সংসারে দুই মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে। বছর দুই আগে পরকীয়া সম্পর্কে জড়িয়ে একই গ্রামের সৌদিপ্রবাসী আরশেদ আলীর স্ত্রী হেনা আক্তারকে বিয়ে করেন ধলা মিয়া। এর পর থেকে ধলা মিয়া দুই স্ত্রীকে নিয়েই একই বাড়িতে সংসার করতে থাকেন। বাড়ির পশ্চিম পাশের একটি ঘরে মনোয়ারা বেগম এবং পূর্ব পাশের অপর একটি ঘরে হেনা আক্তার থাকতেন। আরেকটি ঘরে থাকতেন ধলার বৃদ্ধ বাবা-মা। গত শুক্রবার রাত নয়টার দিকে হেনার ঘরে ধলা মিয়া ঘুমাতে যান।
গতকাল সকাল সাতটার দিকে ধলার ছেলে রাকিব (মনোয়ারার সন্তান) বাবাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকাডাকি করে। কিন্তু তাঁদের (হেনা ও ধলা) কোনো সাড়াশব্দ না পাওয়ায় বাড়ির অন্য লোকজন জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়ে হেনাকে ঝুলন্ত ও ধলাকে রক্তাক্ত অবস্থায় বিছানায় পড়ে থাকতে দেখেন। এরপর তাঁদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে থানায় খবর দেন।
সকাল সাড়ে ১০টার দিকে দরজা ভেঙে পুলিশ লাশ উদ্ধার করে। এ সময় ঘরের ভেতর থেকে রক্তমাখা একটি কুড়াল ও একটি দা উদ্ধার করে পুলিশ। ধলার মাথায় ও মুখে এবং হেনার পেটে গভীর ক্ষতের চিহ্ন পাওয়া যায়।
গতকাল সকালে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, স্বামী-স্ত্রীর নিহত হওয়ার পর আশপাশের কয়েকটি গ্রামের কৌতূহলী কয়েক হাজার মানুষ ওই বাড়িতে ভিড় জমায়। ধলা মিয়ার ভাই মো. শফিউল্লাহ জানান, দাম্পত্য কলহ নিয়ে মাঝেমধ্যে তাঁর ভাইয়ের সঙ্গে স্ত্রীদের ঝগড়া হতো। তবে একজন অন্তঃসত্ত্বা নারীর পক্ষে স্বামীকে জবাই করে হত্যা করার পর ঘরের ভেতর উঁচুতে রশি পেঁচিয়ে ফাঁস নেওয়ার বিষয়টি রহস্যজনক।
গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন মানিকগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) মো. কামরুল ইসলাম। তিনি বলেন, প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, স্বামীকে হত্যার পর স্ত্রী আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত শেষে দম্পতির মৃত্যুর সঠিক রহস্য উদ্ঘাটন করা যেতে পারে।
মানিকগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ও মামলার তদন্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় ধলা মিয়ার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা ও একটি অপমৃত্যু মামলা করেছেন।