স্বামীর ছোড়া অ্যাসিডে ঝলসে গেছে গৃহবধূর শরীর
কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মধ্যম সুরাজপুর গ্রামে স্বামীর ছোড়া অ্যাসিডে মর্জিনা বেগম (৩১) নামের এক গৃহবধূর শরীর ঝলসে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার ভোরে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য কোহিনূর নেছা বলেন, মর্জিনার স্বামী আবদুল মজিদ (৩৪) কয়েক মাস ধরে তাঁর পরিবারের কোনো খোঁজখবর নিচ্ছেন না। গত শুক্রবার রাতে তিনি এক নারীসহ তিন বন্ধু নিয়ে বাড়ি আসেন। এ সময় মর্জিনার সঙ্গে মজিদের কথা-কাটাকাটি হয়। পরে ওই নারী ও তিন বন্ধু বাড়ি থেকে চলে গেলে মজিদ ও মর্জিনা ঘুমাতে যান। মজিদ তাঁর ঘুমন্ত স্ত্রীর শরীরে অ্যাসিড নিক্ষেপ করে পালিয়ে যান। মর্জিনার ভাই জাহেদুল ইসলাম বলেন, মর্জিনাকে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে চিকিৎসকেরা তাঁকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য গতকাল রোববার মর্জিনাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি জানান, এ ঘটনায় তাঁরা মামলার প্রস্তুতি নিচ্ছেন। মর্জিনা বেগম বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এতে বাধা দেওয়ায় ক্ষিপ্ত হয়ে সে আমাকে অ্যাসিড ছুড়েছে।’ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ইফতেখার আহমেদ প্রথম আলোকে বলেন, মর্জিনার কপাল, বাম হাত ও দুই উরু ঝলসে গেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আজিমুল হক বলেন, মজিদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। একটি হত্যা মামলায় দুই বছর জেল খেটে বের হয়ে মজিদ আরেকটি মামলায় আবার গ্রেপ্তার হন। সম্প্রতি তিনি ওই মামলায় জামিনে মুক্তি পান। তিনি বলেন, এসব কারণে পরিবারের সঙ্গে মজিদের সম্পর্ক খারাপ ছিল। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিত কুমার বড়ুয়া বলেন, ‘অ্যাসিড নিক্ষেপের ঘটনাটি শুনেছি। তবে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’