স্বামীর জন্য ভোট চাইলেন ফারহানা সাঈদ

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী সাঈদ খোকনের পক্ষে প্রচারণায় নেমেছেন তাঁর স্ত্রী ফারহানা সাঈদ। তিনি বলেন, ‘আমার স্বামীর জন্য ঢাকাবাসীর ভোট চাই, দোয়া চাই।’
আজ রোববার বিকেল সাড়ে চারটার দিকে রাজধানীর ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় জনসংযোগে নামার আগে ফারহানা এসব কথা বলেন। এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন ফারহানাসহ অন্যরা।
ফারহানা সাঈদ বলেন, ‘আমার শ্বশুর ঢাকার প্রয়াত মেয়র মোহাম্মাদ হানিফ ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করেছেন। আমার স্বামী সেই পদে লড়ছেন। তার জন্য ঢাকাবাসীর কাছে দোয়া ও ভোট চাই।’ ফারহানা ঢাকাবাসীকে উদ্দেশ করে বলেন, ‘আমার স্বামী সাঈদ খোকনকে একবারের জন্য ইলিশ মাছ মার্কায় ভোট দিয়ে ঢাকাবাসীর সেবা করার সুযোগ দিন। তিনি আপনাদের পাশে থাকবেন।’
এ সময় মেয়র প্রার্থী সাঈদ খোকনের স্ত্রীর সঙ্গে ছিলেন যুব মহিলা লীগের সভাপতি নাজমা আকতার, সাধারণ সম্পাদক অপু উকিল, সাঈদ খোকনের বোন শাহানা হানিফ প্রমুখ। পরে ধানমন্ডি আবাসিক এলাকার বিভিন্ন এলাকায় প্রচারণা চালান তাঁরা।