স্বামীর জীবন বাঁচাতে স্ত্রী প্রার্থী
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বামীর জীবন বাঁচাতে বগুড়ার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন রওশনয়ারা জ্যোতি। এ ইউনিয়নে ১১ জন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।মথুরাপুর ইউনিয়নের ভোটাররা জানান, প্রতাব খাদুলী গ্রামের মোজাফফর রহমানের ছেলে শফিউর রহমান জ্যোতি আশির দশকে চরমপন্থী দলে যোগদান করেন। তিনি দলের উত্তরাঞ্চল জোন কমান্ডারের দায়িত্ব পালনকালে ১৯৮৭ সালে নাটোরের গুরুদাসপুর থানায় আক্রমণ চালিয়ে দুই পুলিশ সদস্যকে হত্যা করে অস্ত্র ও গুলি লুট করে নিয়ে যায় চরমপন্থীরা। এ মামলায় নাটোর জেলা জজ আদালত তাঁকে ৬১ বছর ছয় মাসের সাজা দেন। সাজার পর থেকে জ্যোতি পলাতক ছিলেন। ধুনট থানার পুলিশ গত ১১ মে তাঁকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। ফলে তাঁর স্ত্রী রওশনয়ারা জ্যোতি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন।১ জুন সকালে ইউনিয়নের কাশিয়াহাটা গ্রামে গিয়ে দেখা গেছে, রওশনয়ারা ভোটারদের ঘরে ঘরে ভোট চাইছেন। এ সময় তিনি বলেন, ‘আমার স্বামী আগে ভালো মানুষ ছিলেন। এলাকার প্রভাবশালী লোকদের নির্যাতনের কারণে তিনি সর্বহারা পার্টিতে যোগ দেন। কিন্তু তিনি কখনো এলাকার মানুষের ক্ষতি করেননি। সরকারের কাছে ক্ষমা চেয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এবার তিনি এলাকার চেয়ারম্যান নির্বাচন করতে চেয়েছিলেন। এই সুযোগে প্রতিপক্ষরা আমার স্বামীকে পুলিশের কাছে ধরিয়ে দিয়েছে। আমি স্বামীর জীবন ভিক্ষার জন্য চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে ভোটারদের কাছে ভোট ভিক্ষা চাইছি। ভোটাররা আমাকে ভোট দেওয়ার জন্য কথাও দিচ্ছেন। বিশেষ করে নারী ভোটাররাই বেশি।’এলাকার কয়েকজন ভোটার জানান, স্বামীর জীবন বাঁচাতে ভোট ভিক্ষা চাওয়ায় তাঁকে অনেকেই দয়া করে ভোট দেবেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা রশিদুল হাসান জানান, উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে একমাত্র রওশনয়ারাই চেয়ারম্যান পদে নারী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১২ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।