স্বামীর দীর্ঘ নাটক, ডোমারে নববধূর লাশ উদ্ধার
নীলফামারীর ডোমার উপজেলার পাগলাবাজার এলাকা থেকে গতকাল মঙ্গলবার সেলিনা আক্তার (২০) নামের এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সেলিনা পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার দেবীডুবা গ্রামের আবুল কালাম আজাদের মেয়ে। স্বামী মনিবুল তাঁকে হত্যার কথা স্বীকার করেছেন।
সেলিনার বড় ভাই ফারুক কামাল বলেন, ‘জলঢাকা পৌরসভার বগুলাগাড়ী সরকারপাড়া গ্রামের বাহাদুর বাদশার ছেলে মনিবুল হোসেনের (২৫) সঙ্গে গত ২৫ সেপ্টেম্বর সেলিনার বিয়ে হয়েছিল। বিয়ের পর থেকে বরপক্ষ দাবি করে আসছিল, আমরা নাকি অন্য মেয়ে দেখিয়ে আমার বোনকে বিয়ে দিয়েছি।’ এলাকাবাসী জানায়, গতকাল সকালে মনিবুলকে হাত-পা, মুখ বাঁধা অবস্থায় পাগলাবাজার এলাকার একটি সড়কে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্থানীয় লোকজন। এ সময় তিনি দাবি করেন, স্ত্রীকে নিয়ে সোমবার রাত নয়টার দিকে শ্বশুরবাড়ি যাওয়ার পথে ওই স্থানে পৌঁছালে দুর্বৃত্তরা পথরোধ করে তাঁকে বেঁধে সেলিনাকে ছিনিয়ে নিয়ে যায়।
ডোমার থানার এসআই শাহিনুর রহমান বলেন, ‘জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মুনিবুল স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে। তাকে যেখান থেকে উদ্ধার করা হয়েছিল, সেখান থেকে ২০০ গজ দূরের একটি ধানখেত থেকে সেলিনার লাশ উদ্ধার করা হয়।’ ওই থানার এসআই মোকাররম হোসেন বলেন, মেয়ের বাবা আবুল কালাম আজাদ মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।