স্বামীর দেওয়া আগুনে দগ্ধ ফাতেমা হাসপাতালে কাতরাচ্ছেন
স্বামী ছোবাহান গাজীর লাগিয়ে দেওয়া আগুনে দগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ফাতেমা আক্তার। তিন মাসের অন্তঃসত্ত্বা এই গৃহবধূকে ২৫ মে সন্ধ্যার পর পুড়িয়ে হত্যার চেষ্টা করা হয়। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে ঘটনাটি ঘটেছে।
ফাতেমা বেগমের আর্তচিৎকার শুনে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। পরে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ওই দিন রাতেই তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফাতেমা এখন এই হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি এম শাহনেওয়াজ বলেন, ‘খবরটি পাওয়ার পর পুলিশ হাসপাতালে গিয়ে ফাতেমার সঙ্গে কথা বলেছে। ফাতেমার অভিযোগ শোনার পর স্বামী ছোবাহান গাজীকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ছোবাহান গাজীর বিরুদ্ধে একটি মামলা হয়েছে।’
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় ফাতেমা বেগম বলেন, ‘২৫ মে সন্ধ্যার পর ম্যাচের কাঠি জ্বালাইয়া আমার পরনের ম্যাক্সিতে আগুন লাগাইয়া দেয় ছোবাহান গাজী। আমার স্বামী হইয়া ও আমারে জানে মাইর্যা হালাইতে চাইছে। বাঁচার লাইগ্যা ডাকচিৎকার দেলে এই সুযোগে ছোবাহান ঘরে গোনে সইর্যা যায়। পরে বাড়ির পাশের মানুষজন আমারে উদ্ধার কইর্যা হাসপাতালে ভর্তি করায়।’
ফাতেমা আক্তারের মা তাছলিমা বেগম বলেন, অভাবের সংসার ফাতেমার। দুই বছর তিন মাস বয়সের বড় সন্তান রূপাকে ফাতেমা তার দাদি হাসিনা বেগমের কাছে লালন-পালনের দায়িত্ব দেয়। হাসিনা বেগম কলাপাড়া পৌরশহরের নতুন বাজার এলাকায় থাকেন। ২৪ মে ওই মেয়েকে দেখতে যায় ফাতেমা। এ নিয়েও ওই দিন রাতে ঝগড়া হয় স্বামী ছোবাহান গাজীর সঙ্গে। কথা-কাটাকাটির একপর্যায়ে জ্বলন্ত সিগারেট ফাতেমার গালে চেপে ধরে ছোবাহান। সিগারেটের ছ্যাঁকায় ফাতেমার গাল পুড়ে যায়। তখনই ফাতেমাকে পুড়িয়ে মারার হুমকি দেয় ছোবাহান গাজী।
ফাতেমার চাচা মো. হাবিবুর রহমান বলেন, ‘মাছ ধরার কাজ করে ছোবাহান। কিন্তু স্ত্রী-সন্তানের জন্য কোনো মায়া তার নেই। স্ত্রীর ভরণপোষণও ঠিকমতো দেয় না। ছোবাহান ৬ মাস আগেও একবার ফাতেমার গায়ে গরম তেল ঢেলে দিয়েছিল। ছুতা-ছাতায় প্রায় সময়ই মারধর করে। এইবার পোড়াইয়া হত্যার জন্যই ফাতেমার গায়ে আগুন লাগানো হইছে।’
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, ছোবাহান গাজী একজন নেশাগ্রস্ত মানুষ। নেশা করে ঘরে ফেরার পর স্ত্রীকে মারধর করে। স্থানীয় লোকজন এ নিয়ে কথা বললে ছোবাহান সেসব লোকদের ওপরও চড়াও হতো।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আশরাফুল ইসলাম বলেন, ‘ফাতেমার শরীরের ৭৫ শতাংশ পুড়ে গেছে। তিনি তিন মাসের অন্তঃসত্ত্বা। অবস্থা সংকটাপন্ন হওয়ার কারণে আমরা দ্রুত উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠিয়েছি।’
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সিনিয়র নার্স প্রীতিকণা হাজরা বলেন, ‘রোগীর শরীরের অবস্থা খারাপ। ওনার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে। যেভাবে শরীর পুড়েছে, তাতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে দ্রুত স্থানান্তর করে চিকিৎসা করানো দরকার।’