স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হলেন স্ত্রী
গাইবান্ধায় আফরোজা বেগম (২৫) নামের এক গৃহবধূর শরীরে তাঁর স্বামী কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ওই গৃহবধূর মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। গতকাল রোববার জেলা শহরের খানকা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে খানকা শরিফ এলাকার খোকা মিয়ার ছেলের জাহাঙ্গীর আলমের (৩২) সঙ্গে সদর উপজেলার চকমামরুজপুর গ্রামের আফজাল মিয়ার মেয়ে আফরোজা বেগমের বিয়ে হয়। কিছুদিন আগে আফরোজা বেসরকারি সংস্থা আশার স্থানীয় শাখা থেকে পাঁচ হাজার টাকা ঋণ নিয়ে স্বামীকে ব্যবসা করার জন্য দেন। গতকাল রোববার ছিল ওই ঋণের কিস্তি দেওয়ার দিন। কিস্তি দেওয়ার জন্য আফরোজা গতকাল বিকেল চারটার দিকে স্বামীর কাছে টাকা চাইতে যান। এ নিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে জাহাঙ্গীর ঘরে রাখা কেরোসিন আফরোজার মাথাসহ শরীরের বিভিন্ন অংশে ঢেলে আগুন ধরিয়ে দেন। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। এ সময় জাহাঙ্গীর আলম পালিয়ে যান।
পরে গুরুতর দগ্ধ অবস্থায় স্থানীয় লোকজন তাঁকে সদর হাসপাতালে ভর্তি করেন। জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবু হানিফ জানান, আফরোজার হাত, পা, মুখসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল চন্দ্র চক্রবর্তী গতকাল প্রথম আলোকে জানান, এ নিয়ে আফরোজার মা ডলি বেগম বাদী হয়ে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে সদর থানায় মামলা করেছেন।