স্বামীর নির্যাতনে গৃহবধূর আত্মহত্যার চেষ্টা
চাঁদপুরের শাহরাস্তিতে স্বামীর নির্যাতন সইতে না পেরে হাজেরা বেগম (২১) নামের এক গৃহবধূ নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন। এতে ওই গৃহবধূর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। গত রোববার দুপুরে উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউনিয়নের উত্তর রাগৈ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। আহত গৃহবধূ ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউপির দক্ষিণ শ্রীপুর গ্রামের মৃত দেলোয়ার হোসেনের মেয়ে হাজেরা বেগমের সঙ্গে তিন বছর আগে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া দক্ষিণ ইউপির উত্তর রাগৈ পাটোয়ারী বাড়ির শরিফুর রহমানের ছেলে শাহ পরানের বিয়ে হয়। বিয়ের সময় প্রথম স্ত্রীর কথা শাহ পরান গোপন রাখেন। প্রথম বিয়ের কথা জানার পর হাজেরার সঙ্গে শাহ পরানের ঝগড়া-বিবাদ শুরু হয়। ঘটনার দিন স্বামী-স্ত্রীর মধ্যে বাগিবতণ্ডার একপর্যায়ে শাহ পরান স্ত্রী হাজেরাকে মারধর করেন। পরে হাজেরা নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। এতে তাঁর শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। পরিবারের লোকজন তাঁকে গুরুতর অবস্থায় শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ বিষয়ে স্বামী শাহ পরান বলেন, ‘পরিবারের সদস্যদের জন্য পিঠা বানানোর কথা বললে সে উত্তেজিত হয়ে অপারগতা প্রকাশ করে। এতে আমি রাগের বশবর্তী হয়ে তাকে মারধর করি। কেন সে আত্মহত্যার চেষ্টা করেছে, তা আমি জানি না।’ হাজেরা বলেন, ‘বিয়ের পর প্রায়ই সে আমাকে মারধর করত। ঘটনার দিন অত্যাচার সইতে না পেরে আমি গায়ে কেরোসিন ঢেলে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা চালাই।’