স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়নের আবদুল্লাহপাড়া এলাকায় স্বামীর নির্যাতনে হামিদা বেগম (২০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। হামিদা বেগম ওই এলাকার রবিউল আলমের স্ত্রী।

স্থানীয় লোকজন জানান, গত বছরের এপ্রিলে টৈটং ইউনিয়নের নাপিতখালী এলাকার জসিম উদ্দিনের মেয়ে হামিদা বেগমের সঙ্গে একই ইউনিয়নের আবদুল্লাহপাড়ার মো. নুরুচ্ছফার ছেলে রবিউল আলমের বিয়ে হয়। বিয়ের পর এক কন্যাসন্তান জন্ম দেন ওই দম্পতি।

হামিদা বেগমের বাবা জসিম উদ্দিন বলেন, ‘নানা অজুহাত তুলে কয়েক মাস আগে রবিউল আলম ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে। কিন্তু রবিউল ১৭ হাজার টাকায় তাঁর স্ত্রীর স্বর্ণ বন্ধক দেয়। পরে ঈদের দুই দিন আগে আমি নিজেই ওই স্বর্ণ ছাড়িয়ে দিই।’

জসিম উদ্দিন আরও বলেন, ‘ঈদের দিন থেকে আবারও চার হাজার টাকার জন্য হামিদাকে চাপ দেয় রবিউল। গতকাল সকালে আমার কাছ থেকে ওই চার হাজার টাকা এনে দিতে ব্যাপক মারধরসহ নানা নির্যাতন চালায় হামিদাকে। এরপর নির্যাতন সহ্য করতে না পেরে হামিদা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর থেকে রবিউল পলাতক রয়েছে।’

স্থানীয় ইউপি সদস্য নুরুল আবছার বলেন, ‘বৃহস্পতিবার সকালে স্বামী-স্ত্রী মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে হামিদার মৃত্যু হয়েছে বলে শুনেছি। তবে রবিউলের বাবা নুরুচ্ছফা বলেন, হামিদা নিজেই গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।’

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈন উদ্দিন বলেন, এ নিয়ে কেউ অভিযোগ নিয়ে থানায় আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।