স্বামীর নির্যাতনে ঘরছাড়া স্ত্রী
খাটে মশারি টানাচ্ছিলেন স্ত্রী। এ সময় স্বামী চেয়েছেন টিভির রিমোট। দিতে একটু দেরি হয়েছে—এ অভিযোগে স্বামী লাঠি তুলেছেন স্ত্রীকে মারতে। হাত দিয়ে ঠেকাতে গেছেন স্ত্রী। সঙ্গে সঙ্গে হাতের একটি আঙুল কামড়ে ধরলেন স্বামী। কামড়ে থেঁতলে দিলেন স্ত্রীর ডান হাতের তর্জনী। এ ঘটনার পর এক মাস ধরে স্ত্রী দুই বছরের ছেলেকে নিয়ে তাঁর বাবার বাড়িতে আছেন।
এই স্বামী হলেন রাজশাহীর তানোর উপজেলার দুবইল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম। তাঁর স্ত্রী ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানজিয়া খাতুন। রবিউলের বাড়ি তানোর উপজেলার দুবইল গ্রামেই। তানজিয়ার বাবার বাড়ি নওগাঁর মান্দা উপজেলার তেঘরিয়া গ্রামে। ২০১০ সালে তাঁদের বিয়ে হয়।
তানজিয়া বলেন, বিদ্যালয়ের চাকরি দেওয়া হবে—এই শর্তে রবিউলের সঙ্গে তাঁর বিয়ে হয়। বিয়ের পর তাঁকে ওই বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এখনো তাঁর বেতন হয়নি। বিয়ের পর তানজিয়া জানতে পারেন, এর আগেও তাঁর স্বামীর আরেকজন স্ত্রী ছিলেন। স্বামীর অত্যাচারের কারণে ওই স্ত্রী তাঁকে ছেড়ে চলে গেছেন।
তানজিয়া অভিযোগ করেন, দুই বছর আগে তাঁদের একটি ছেলে হয়েছে। তাঁর স্বামী প্রাইভেট পড়ানোর নামে বিভিন্ন মেয়ের সঙ্গে অনৈতিক কাজ করেন। এর প্রতিবাদ করায় বিভিন্ন অজুহাতে কোলে সন্তান থাকা অবস্থায় স্বামী তাঁকে প্রায়ই পেটাতেন। তিনি বলেন, তাঁর আঙুল কামড়ে দেওয়ার পর তিনি যন্ত্রণা সহ্য করতে না পেরে বাধ্য হয়ে বাবার বাড়িতে চলে এসেছেন। স্বামী তাঁকে চিকিৎসার কোনো খরচ দেননি। তাঁর বাবা এখন আয়-রোজগার করতে পারেন না। তাঁর ভাইদের ওপর নির্ভর করতে হয়। ভাইয়েরা চান না, তিনি তাঁর স্বামীর বিরুদ্ধে কোনো মামলা করেন। তাঁরা ঝামেলায় যেতে চান না। তাই তিনি বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতিতে একটি অভিযোগ করেছেন।
গত বৃহস্পতিবার তানজিয়া রাজশাহী শহরে চিকিৎসকের কাছে আঙুল দেখাতে এবং আইনজীবী সমিতিতে দেখা করতে এসেছিলেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী দিল সেতারা জানান, অভিযোগ পেয়ে দুই পক্ষকেই তাঁরা নোটিশ করেন। বৃহস্পতিবার তাদের আসার কথা ছিল। কিন্তু ছেলেপক্ষ আসেনি। ফোনও বন্ধ করে রেখেছে। এখন আপস না হলে তাঁরা মামলার প্রক্রিয়ায় যাবেন।
এ বিষয়ে কথা বলার জন্য রবিউল ইসলামের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি ধরেননি। তবে সাবেক ইউপি সদস্য ও রবিউলের আত্মীয় জাহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রবিউলের এসব ঘটনা নিয়ে তাঁরা একাধিকবার সালিস করেছেন। কিন্তু সমস্যার সমাধান করা যায়নি।