স্বামীর নির্যাতনে নববধূর মৃত্যু!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমহনী ইউনিয়নের কালিকাপুর গ্রামে গতকাল রোববার ভোরে স্বামীর নির্যাতনে আকলিমা আক্তার নামের এক নববধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। পুলিশ স্বামী শফিক মিয়াকে (২৪) আটক করেছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ছয় মাস আগে উপজেলার বহরা ইউনিয়নের এনায়েতপুর গ্রামের ফিরোজ মিয়ার মেয়ে আকলিমা আক্তারকে (২০) বিয়ে করেন কালিকাপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে শফিক মিয়া। বিয়ের পর থেকেই শফিক যৌতুক বাবদ এক লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন আকলিমার ওপর। টাকা আনতে অপারগতা প্রকাশ করলেই চলে তাঁর ওপর নির্যাতন। শনিবার দিবাগত রাতেও যৌতুকের টাকার জন্য আকলিমাকে মারপিট করেন শফিক। আহত অবস্থায় গতকাল ভোরে আকলিমাকে স্থানীয় নুসরা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। আকলিমার ভাই রেনু মিয়া অভিযোগ করেন, ‘আকলিমার স্বামী শফিক মিয়া বিয়ের পর থেকে ব্যবসা করার জন্য যৌতুক বাবদ এক লাখ টাকা দাবি করে আসছেন। টাকা দিতে না পারায় আমার বোনকে নির্যাতন করে হত্যা করেছে। আকলিমার গলায় ও শরীরের বিভিন্ন অংশে ১৫টি জখম রয়েছে। তিনটি আঙুল ভেঙে গেছে।’ থানায় আটক শফিক মিয়া প্রথম আলোকে বলেন, আকলিমা আত্মহত্যা করেছেন। মাধবপুর থানার কাশিমনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুর রহমান বলেন, দুপুর ১২টায় পুলিশ আকলিমার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।