স্বামীর নির্যাতনে শেজাদির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চিকিত্সক শেজাদি আপসাকে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীর বিচারের দাবিতে আজ সোমবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) প্রাঙ্গণে মানববন্ধন ও সমাবেশ করেছেন একদল চিকিত্সক। সমাবেশে অভিযোগ করা হয়, ১৩ মে কুমিল্লার ময়নামতি সেনানিবাসের বাসভবনে শেজাদিকে পিটিয়ে হত্যা করেন স্বামী লে. কর্নেল শফিকুল ইসলাম।চিকিত্সকদের ফেসবুকভিত্তিক সংগঠন ডক্টরস সোসাইটি অব বাংলাদেশ বিএসএমএমইউর বটতলায় এই কর্মসূচির আয়োজন করে। কর্মসূচিতে শতাধিক চিকিত্সক কালো ব্যাজ পরে অংশ নেন। শেজাদি বরিশাল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে (২৮তম ব্যাচ) পাস করেন।সমাবেশে শেজাদির পরিবারের সদস্যরাও অংশ নেন। সেখানে তাঁর ভাই চিকিত্সক জাভেদ হোসেন বলেন, একের পর এক চিকিত্সককে হত্যা করা হয়েছে। এখন সময় এসেছে চিকিত্সকদের এক হয়ে হত্যাকারীদের বিচারের দাবি করার।সমাবেশ থেকে বলা হয়, হত্যাকারীদের বিচার না হলে চিকিত্সকেরা বৃহত্তর আন্দোলনে নামবেন। কিন্তু ঢাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকায় তাঁরা এখনো কর্মসূচি চূড়ান্ত করেননি। তবে ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতাল ও মেডিকেল কলেজে কর্মসূচি চলবে। প্রয়োজনে তাঁরা দিনের একটি নির্দিষ্ট সময় কর্মবিরতি পালন করবেন।

জাভেদ হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, তাঁরা চার ভাইবোন। এর মধ্যে তিনজন চিকিত্সক, আর একজন আইনজীবী। ভাইবোনদের মধ্যে শেজাদি ছিলেন সবার বড়। তিনি জানান, ২০০০ সালে শফিকুলের সঙ্গে শেজাদির বিয়ে হয়। বিয়ের পর থেকে শফিকুল প্রায়ই শেজাদিকে মারধর করতেন। এর পরও একমাত্র ছেলের কথা চিন্তা করে সংসার টিকিয়ে রাখার চেষ্টা করে গেছেন শেজাদি। তাঁদের একমাত্র ছেলে আহনাফ ইনতেজার সামিন (১০) কুমিল্লার ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী। চিকিত্সাবিদ্যায় পাস করার পরও শেজাদিকে কোনো চাকরি বা পেশা চর্চা করতে দিতেন না সেনা কর্মকর্তা শফিকুল। চিকিত্সক হওয়া সত্ত্বেও স্বামীর ইচ্ছায় একেবারে গৃহবধূ হয়েই ছিলেন শেজাদি।

জাভেদ বলেন, ১৩ মে সকালে ছেলেকে স্কুলে পাঠানোর সময় স্বামীর মানিব্যাগ থেকে ১০ টাকা নিয়ে ছেলের হাতে দেন শেজাদি। এ নিয়ে ওই দিন ছেলের সামনেই সকালে শেজাদিকে এক দফা রড দিয়ে মারধর করেন শফিকুল। এ ঘটনার পর ছেলে যায় স্কুলে, আর শেজাদি যান কুমিল্লা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সা নিতে। এরপর শেজাদির মা জাহান আরাকে ফোন করে শফিকুল বলেন, ‘আপনার মেয়েকে তিন তালাক দেওয়া হয়েছে, তাঁকে নিয়ে যান।’ এ কথা শুনে সকালেই কুমিল্লার উদ্দেশে ঢাকা থেকে রওনা দেন জাভেদ ও তাঁর মা। পথে সকাল ১০টা ৫১ মিনিটে বোনকে ফোন করেন জাভেদ। তখন শেজাদি বলেন, মারধর করে তাঁর অনেকগুলো দাঁত ভেঙে ফেলেছেন শফিকুল। তিনি চিকিত্সা করাতে যাচ্ছেন। এরপর আর কথা হয়নি। বেলা দেড়টার দিকে সেনানিবাসের নীলিমা ভবনের তৃতীয় তলায় গিয়ে তিনি বোনের লাশ দেখতে পান।

এ ঘটনার পর ১৬ মে কুমিল্লা কোতোয়ালি থানায় শফিকুলসহ চারজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন জাভেদ। মামলার অন্য আসামিরা হলেন শফিকুলের ভাই মফিজউদ্দীন, বন্ধু আবদুল বাসেত ও ইমদাদুল হক তালুকদার।

মামলার এজাহারে আরও বলা হয়, বিয়ের কয়েক বছর পর লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। ২০০৪ সালে শফিকুল শান্তি মিশনে লাইবেরিয়ায় ছিলেন। ওই সময় তাঁর চট্টগ্রামের হালিশহর আর্টিলারি সেন্টারের বাসায় প্রেমিকার লেখা একটি চিঠি আসে। তখন শেজাদি চিঠির বিষয়টি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও তাঁর পরিবারের সদস্যদের জানান। ওই বছরই সেনাবাহিনী তাঁকে লাইবেরিয়া থেকে দেশে ফেরত আনে। এরপর তাঁকে সতর্ক করে দিয়ে পুনরায় মিশনে যাওয়ার অনুমতি দেওয়া হয়। মিশন শেষে দেশে ফিরে লে. কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম পরকীয়ার অভিযোগ করার কারণে শেজাদিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতে থাকেন। একই সঙ্গে তাঁকে হত্যার হুমকি দেন। প্রতিনিয়ত নির্যাতনের মাত্রা বেড়ে যাওয়ায় বিষয়টি উভয় পরিবারকে জানান শেজাদি। সর্বশেষ গত ৩০ এপ্রিল নির্যাতন সইতে না পেরে কুমিল্লা থেকে একমাত্র পুত্রসন্তান আহনাফ ইনতেজার সামিনকে নিয়ে ঢাকায় মায়ের বাসায় চলে যান। পরবর্তী সময়ে আর কোনো নির্যাতন করা হবে না বলে নিশ্চয়তা পাওয়ার পর ৭ মে শেজাদি ময়নামতি সেনানিবাসের বাসায় ফিরে যান। এরপর ১৩ মে লোহার রড দিয়ে পিটিয়ে শেজাদিকে হত্যা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, শফিকুল ময়নামতি সেনানিবাসের ১০ মিডিয়াম রেজিমেন্ট আর্টিলারির কমান্ডিং অফিসার ছিলেন। তাঁর বিরুদ্ধে সেনাবাহিনী বিধি মোতাবেক ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে লে. কর্নেল শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।