স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় গত সোমবার স্বামীর নির্যাতনে ছকিনা বেগম (৩৫) নামের এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে স্বামী আবদুল হালিম পলাতক রয়েছেন। হালিম উপজেলার পার্বতীপুর গ্রামের আবদুল মমিনের ছেলে।
ছকিনার ভাই আবুল কালাম গতকাল বুধবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ভাগনে শাকিল গত সোমবার রাতে মুঠোফোনে তাঁকে (আবুল কালাম) বলে, মা (ছকিনা) গুরুতর অসুস্থ। খবর পেয়ে তিনি বোনের বাসায় গিয়ে দেখেন, তাঁর বোন মারা গেছেন। পরে তিনি প্রতিবেশীদের মাধ্যমে জানতে পারেন, পারিবারিক বিরোধের জের ধরে হালিম গত শনিবার রাতে ছকিনাকে বেদম মারধর করেন। একপর্যায়ে গুরুতর আহত অবস্থায় তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে একদিন চিকিৎসা করানোর পর তাঁকে বাড়িতে নিয়ে আসেন পরিবারের লোকজন। গত সোমবার রাতে ছকিনার মৃত্যু হয়।
আবুল কালাম আরও বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর এ ঘটনায় মামলা করা হবে।
ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) এম এ আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গত মঙ্গলবার সকালে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে হালিম পলাতক রয়েছেন।