স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ হাসপাতালে
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্বামীর ভয়ংকর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন এক গৃহবধূ। নির্যাতনের ঘটনায় এই নারীর বাবা মঙ্গলবার রাতে স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেবর ও ননদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করেন। কিন্তু গতকাল বুধবার পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল দুপুরে নারায়ণগঞ্জ শহরের খানপুরে অবস্থিত ৩০০ শয্যার হাসপাতালে গেলে ওই গৃহবধূ প্রথম আলোকে জানান, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে তিনি শহরের গোদনাইল এলাকার সোহেলকে ভালোবেসে পরিবারের অমতে বিয়ে করেন। এরপর সিদ্ধিরগঞ্জের ২ নম্বর ঢাকেশ্বরী এলাকায় এক বাসায় তাঁরা ভাড়া থাকতেন। সোহেল আদমজী ইপিজেডের একটি কারখানায় চাকরি করেন।
ওই নারী জানান, বিয়ের কিছুদিন পরেই যৌতুকের জন্য সোহেল তাঁকে মারধর করতে থাকেন। তাঁর ওপর অত্যাচার সহ্য করতে না পেরে বাবা-মা তাঁদের সংসারের সব আসবাব কিনে দেন। তবু সোহেলের শারীরিক নির্যাতন বন্ধ হয়নি। বাধ্য হয়ে তিনি সিদ্ধিরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। তাতে তাঁর ওপর নির্যাতনের মাত্রা আরও বেড়ে যায়। সম্প্রতি সোহেল তাঁর বাবা-মায়ের কাছ থেকে পাঁচ লাখ টাকা এনে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। এ নিয়ে সোমবার রাত ১১টার দিকে তাঁদের মধ্যে ঝগড়া হয়। সোহেল তাঁকে মেরে মাথা ফাটিয়ে দেন। মুখে ওড়না পেঁচিয়ে রাতভর নির্যাতন চালান, যাতে বাইরের কেউ নির্যাতনের শব্দ শুনতে না পায়। এরপর মোমবাতির আগুন দিয়ে তাঁর দুই হাত, যৌনাঙ্গসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে দেন। নির্যাতনের একপর্যায়ে তিনি চেতনা হারিয়ে ফেলেন। সকালে তাঁকে অচেতন অবস্থায় রেখেই বাসা থেকে বেরিয়ে যান। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে এবং তাঁর বাবা-মায়ের কাছে খবর পাঠান। তাঁরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক নাজিমউদ্দিন প্রথম আলোকে জানান, এবারই প্রথম নয়। এর আগেও ওই নারী দুবার স্বামীর নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আগুনে তাঁর যৌনাঙ্গসহ শরীরের নিম্নাংশ পুড়ে গেছে। তিনি আশঙ্কামুক্ত হলেও তাঁর দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন। তাঁকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন জানান, ঘটনার পর থেকে আসামি সোহেল পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।