স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে স্বামীর নির্যাতনের শিকার হয়ে রাবেয়া বেগম (২৫) নামের এক গৃহবধূ ক্ষোভে ও দুঃখে শরীরে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা চালান। মুমূর্ষু অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। রাবেয়া ধামরাইয়ের হাজীপুর গুচ্ছগ্রামের বাসিন্দা মজিদ মিয়ার স্ত্রী। বছর তিনেক আগে তাঁদের বিয়ে হয়। তাঁদের দুই বছরের এক কন্যাসন্তান রয়েছে। স্থানীয় লোকজন জানান, বছর খানেক ধরে কলহ চলে আসছিল মজিদ-রাবেয়া দম্পতির মধ্যে। মূলত সংসারে অভাব-অনটন নিয়ে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়াবিবাদ হতো। গত রোববার বিকেলে রান্না করার সময় তুচ্ছ বিষয় নিয়ে শাশুড়ি রাশেদা বেগমের সঙ্গে রাবেয়ার ঝগড়া বাধে। এ সময় মজিদ মিয়া বাড়ি ফিরে ঝগড়া করতে দেখে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে মারধর করেন। এই ক্ষোভে রাবেয়া ওই দিন সন্ধ্যায় ঘরে গিয়ে দরজা বন্ধ করে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। টের পেয়ে স্থানীয় লোকজন রাবেয়াকে উদ্ধার করে প্রথমে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু অবস্থা গুরুতর দেখে ওই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করেন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকেরা জানান, আগুনে রাবেয়ার শরীরের ৭০ ভাগ পুড়ে গেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক। গতকাল সোমবার গুচ্ছগ্রামে গিয়ে মজিদের বাড়িতে তালা ঝুলতে দেখা যায়। সবাই রোগীর সঙ্গে হাসপাতালে আছেন বলে প্রতিবেশীরা নিশ্চিত করেন। হাজীপুর গুচ্ছগ্রাম সমবায় সমিতির সভাপতি ফজল হক জানান, স্বামীর নির্যাতনের শিকার হয়েই রাবেয়া আত্মহত্যার উদ্দেশ্যে শরীরে আগুন ধরিয়ে দেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, রাবেয়াকে নিয়ে পরিবারের সবাই রোববার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে যান। এরপর আর কেউ বাড়ি ফেরেননি। যোগাযোগ করা হলে ধামরাই থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রশিদ জানান, এ রকম কোনো অভিযোগ পাওয়া যায়নি।