স্বামীর নির্যাতনের শিকার ভাইস চেয়ারম্যান
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহফুজা সুলতানা (৪০) ও তাঁর একমাত্র ছেলেকে লাঠিপেটা করা হয়েছে। নির্যাতনের অভিযোগে মাহফুজা তাঁর স্বামী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
থানায় দেওয়া লিখিত অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ১৯৯৩ সালের ২৫ অক্টোবর আতিকুর ও জয়পুরহাট জেলা আওয়ামী লীগের সদস্য মাহফুজার বিয়ে হয়। বিয়ের কয়েক বছর পর থেকে বিভিন্ন কারণে তাঁদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়। এরই জের ধরে গত ৮ মে মাহফুজা তাঁর স্বামীকে তালাক দেন। ঈদুল ফিতরের আগে তাঁরা বিরোধ মিটিয়ে বিয়ে করে আবার সংসার শুরু করেন। গত রোববার মাহফুজা একটি বাড়িতে দাওয়াত খেতে যান। ওই দাওয়াত খাওয়া নিয়ে স্বামীর সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।
গত মঙ্গলবার দুপুরে মাহফুজা উপজেলা পরিষদে তাঁর কার্যালয়ে ছিলেন। ওই সময় পৌর সদরের বিহারপুর মহল্লার বাসায় আতিকুর স্ত্রীর অগোচরে তাঁকে গালিগালাজ করেন। এ সময় তাঁদের একমাত্র ছেলে মাহফুজুর রহমান গালিগালাজ করতে নিষেধ করেন। এতে আতিকুর ক্ষুব্ধ হয়ে ছেলেকে মারধর করেন।
মাহফুজা অভিযোগ করেন, খবর পেয়ে তিনি দ্রুত বাসায় গিয়ে ছেলেকে মারধর করার কারণ জানতে চাইলে আতিকুর তাঁকে বেধড়ক লাঠিপেটা করতে থাকেন।
ভাইস চেয়ারম্যান কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ছেলেমেয়ে বড় হয়েছে। তাই তাদের মুখের দিকে তাকিয়ে ফের সংসার শুরু করেছিলাম। কিন্তু খারাপ মানুষ কখনো ভালো হয় না। এত দিন আমি মানুষের বিচার করেছি। এখন আমি কার কাছে বিচার চাইব।’
মারধরের ঘটনার পর প্রতিবেশীরা আহত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন হাসপাতালে যান। রাত ১০টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসা নেন মাহফুজা। রাতে হাসপাতালে গিয়ে তাঁর হাত ও পা ফোলা দেখা গেছে।
স্ত্রী ও ছেলেকে মারধরের ব্যাপারে জানতে চাইলে আতিকুর রহমান বলেন, ‘আমার স্ত্রীর অনেক অত্যাচার-নির্যাতন সয়েছি। আমি যদি তাঁকে নির্যাতন করে থাকি, সে আমার বিরুদ্ধে মামলা করুক।’
আক্কেলপুর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউস সাদিক গতকাল সকালে প্রথম আলোকে জানান, মাহফুজা সুলতানা তাঁর স্বামীর বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। অভিযোগ তদন্ত করে মামলা নেওয়া হবে।