স্বামীর নির্যাতনের শিকার হয়ে তিন মাস হাসপাতালে
যৌতুকের জন্য রাজশাহীর চারঘাট উপজেলায় মিতালী (২০) নামের এক গৃহবধূকে তাঁর স্বামী ব্যাপক নির্যাতন চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নির্যাতনের শিকার ওই গৃহবধূ প্রথম ১৯ দিন হাসপাতালে অচেতন ছিলেন। তিন দফা অস্ত্রোপচারের পর জ্ঞান ফিরলেও এখন পর্যন্ত ঠিকমতো কথা বলতে পারেন না তিনি।মিতালীর বাড়ি উপজেলার ডাকরা গ্রামে। তাঁর বাবা আমিরুল ইসলাম বলেন, ছয় মাস আগে উপজেলার বালাদিয়াড় গ্রামের টিপন আলীর সঙ্গে মিতালীর বিয়ে হয়। বিয়ের সময় টিপনকে ৫০ হাজার টাকা যৌতুক দেওয়া হয়। পরে আরও ৩০ হাজার টাকা যৌতুক দাবি করে তিনি মিতালীর ওপর নির্যাতন করতে থাকেন। গত ১৬ আগস্ট মিতালীর মাথায় কাঠ দিয়ে আঘাত করাসহ ব্যাপক নির্যাতন করে টিপন বাড়ি থেকে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন মিতালীকে উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে ১৯ দিন অচেতন থাকার পর জ্ঞান ফিরলেও আজ পর্যন্ত মিতালী সুস্থ হতে পারেননি। এ ঘটনায় গৃহবধূর বাবা আমিরুল ইসলাম বাদী হয়ে চারঘাট থানায় মামলা করেছেন।নাম প্রকাশ না করার শর্তে এক চিকিৎসক বলেন, ‘মেয়েটি এলোমেলো কথা বলছে। তাকে এখন মানসিক চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।’