স্বামীর নেশা কেড়ে নিল নববধূর প্রাণ
নেশার টাকা না পেয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে আগুন দেওয়া সিলেটের দক্ষিণ সুরমার সেই গৃহবধূ এলি বেগম (১৯) মারা গেছেন। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে তিনি মারা যান। ২ আগস্ট রাতে তাঁকে অগ্নিদগ্ধ অবস্থায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় স্বামীর বিরুদ্ধে দায়ের করা এলির মায়ের মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হবে। গতকাল সোমবার মরদেহ ময়নাতদন্ত শেষে মা-বাবার কাছে দেওয়া হয়েছে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের রাখাইন গ্রামের নাসির উদ্দিনের সঙ্গে প্রায় ছয় মাস আগে বিয়ে হয় এলি বেগমের। ২ আগস্ট নাসিরের বাড়ি থেকে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। ৪ আগস্ট এলির মা হোসনা বেগম বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা করেন। মামলায় নাসির ছাড়াও তাঁর মা, ভাইবোনসহ পরিবারের আরও ছয় সদস্যকে আসামি করা হয়েছে। মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, নাসির উদ্দিন উচ্ছৃঙ্খল প্রকৃতির। নেশার টাকার জন্য তিনি প্রায়ই স্ত্রীকে শারীরিকভাবে নির্যাতন করতেন। গত শুক্রবার রাতে এলির কাছে কিছু টাকা চাইলে স্বামী নেশা করবেন বলে তিনি টাকা দিতে রাজি হননি। এতে ক্ষুব্ধ হয়ে নাসির রান্নাঘর থেকে কেরোসিন এনে স্ত্রীর শরীরে ঢেলে আগুন দিয়ে ঘর থেকে বের হয়ে যান।এলির মা হোসনা বেগম জানান, নাসির মাদকাসক্ত। প্রায়ই টাকা নিয়ে জুয়াও খেলেন। ওই দিন নেশার জন্য টাকা চেয়ে না পেয়ে শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা তিনি মেয়ের কাছ থেকে শোনেন। মামলার তদন্তকারী কর্মকর্তা মোগলাবাজার থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, মামলা হওয়ার পর আসামিরা বাড়িতে তালা দিয়ে পালিয়ে রয়েছেন। এ কারণে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না।