স্বামীর পরকীয়ায় আপত্তি, স্ত্রীকে পিটিয়ে হত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর পরকীয়ায় আপত্তি করায় সাতক্ষীরা সদর উপজেলার কাথন্ডা গাইনপাড়া এলাকায় এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ গতকাল শনিবার গৃহবধূ বিলকিস খাতুনের (২২) লাশ উদ্ধার করে।গ্রামবাসী সূত্রের বিবরণ অনুযায়ী, চার বছর আগে সদর উপজেলার কাথন্ডা গাইনপাড়া এলাকার আরশাদ আলীর ছেলে চঞ্চল হোসেনের (২৬) সঙ্গে বৈকারী গ্রামের জসিমউদ্দীনের মেয়ে বিলকিসের বিয়ে হয়। কিন্তু বছর খানেক ধরে চঞ্চল প্রতিবেশী এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। এরই জের ধরে শুক্রবার রাতে এবং গতকাল সকালে চঞ্চল তাঁর স্ত্রীকে মারধর করেন। মারধরের একপর্যায়ে বিলকিস মারা গেলে চঞ্চল আত্মগোপন করেন। বিলকিসের বাবা জসিমউদ্দীন জানান, কিছুদিন আগে মেয়ে তাঁকে বিষয়টি জানিয়েছেন। পরকীয়ায় বাধা দেওয়ায় তাঁর মেয়েকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম খান জানান, সুরতহাল শেষে লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত থানায় এ ব্যাপারে কোনো মামলা হয়নি। উপপরিদর্শক হারান চন্দ্র পাল জানান, ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মৃতদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।