স্বামীর প্রচারণায় সরকারি কর্মকর্তা
সরকারি কর্মকর্তা-কমর্চারীদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের নিষেধাজ্ঞা থাকলেও স্বামীর প্রচারণায় অংশ নিতে ছুটি ছাড়াই কর্মস্থলে আসছেন না প্রত্নতত্ত্ব অধিদপ্তরের খুলনা কার্যালয়ের সহকারী কাস্টডিয়ান আইরিন পারভীন।
খোঁজ নিয়ে জানা গেছে, আইরিন পারভীনের স্বামী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা মো. খাজা নেওয়াজ তালা প্রতীক নিয়ে আওয়ামী লীগ-মনোনীত প্রার্থী হিসেবে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। স্বামীর সঙ্গে তিনিও নির্বাচনী প্রচারণায় অংশ নিচ্ছেন।
খাজা নেওয়াজের প্রতিদ্বন্দ্বী উপজেলা যুবলীগের সাবেক নেতা মুন্সি এনামুল হক অভিযোগ করেন, আইরিন বাড়ি বাড়ি গিয়ে স্বামীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।
খাজা নেওয়াজ অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর স্ত্রী গোপালগঞ্জে অবস্থান করছেন, তাঁর প্রচারণায় অংশ নেননি।
গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা নগরের শিববাড়ী মোড় এলাকায় খুলনা বিভাগীয় জাদুঘরে প্রত্নতত্ত্ব অধিদপ্তর অফিসে আইরিন পারভীনকে পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা গেছে, ১১ ফেব্রুয়ারি তিন দিনের ছুটি নিয়ে গোপালগঞ্জে যান আইরিন। এক দিনের ঐচ্ছিক ছুটি ও তিন দিনের নৈমিত্তিক ছুটি কাটিয়ে ১৬ ফেব্রুয়ারি তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু এক সপ্তাহ হয়ে গেলেও তিনি আর ফেরেননি। ১৯ ফেব্রুয়ারি নির্বাচন করেই তিনি ফিরবেন বলে জানা গেছে।
সরকারি কর্মচারী হিসেবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারেন কি না জানতে আইরিন পারভীনের সঙ্গে গতকাল মুঠোফোনে কয়েক দফায় যোগাযোগ করা হলেও তিনি কোনো কথা বলেননি। পরিচয় দিয়ে মুঠোফোনে খুদে বার্তা পাঠালেও তিনি জবাব দেননি।
আইরিন পারভীন কোথায় জানতে চাইলে অধিদপ্তরের কাস্টডিয়ান লাভলী ইয়াসমিন জানান, পারিবারিক কারণে আইরিন লিখিতভাবে ছুটি নিয়েছেন। এক দিনের ঐচ্ছিক ছুটি এবং তিন দিনের নৈমিত্তিক ছুটি হিসেবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটিতে ছিলেন। ১৬ ফেব্রুয়ারি তাঁর কাজে যোগ দেওয়ার কথা ছিল।
বিনা নোটিশে কাজে হাজির না থাকা চাকরিবিধি লঙ্ঘন কি না জানতে চাইলে লাভলী ইয়াসমিন বলেন, ‘আইনের ঊর্ধ্বে কেউ নন। আমরা এ বিষয়ে তাঁর কাছে লিখিত জানতে চাইব। তাঁর জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’
খুলনা জাদুঘরের আঞ্চলিক পরিচালক আবদুল বাতেন বলেন, ‘তিনি (আইরিন) ফোনে আমাদের বিষয়টি জানিয়েছেন। পরবর্তী সময়ে এলে তাঁর ছুটি সমন্বয় করে নেওয়া হবে।’