স্বামীর ফোন পেয়ে ভোলায় রওনা হওয়া গৃহবধূ নিখোঁজ
স্বামীর ফোন পেয়ে ভোলায় শ্বশুরবাড়ির উদ্দেশে রওনা হয়ে নিখোঁজ হয়েছেন বরিশালের বানারীপাড়া উপজেলার এক গৃহবধূ। পরিবারের আশঙ্কা, যৌতুকের কারণে তাঁকে আটকে রাখা হয়েছে অথবা হত্যা করা হয়েছে।গত মঙ্গলবার বানারীপাড়া প্রেসক্লাবে পাঠানো এক লিখিত বক্তব্যে গৃহবধূর পরিবার এ আশঙ্কা প্রকাশ করেছে।পারিবারিক সূত্রে জানা গেছে, বানারীপাড়ার কুন্দিহার গ্রামের সুলতান আহম্মেদের মেয়ে শাকিলা কলির সঙ্গে ২০০৭ সালের নভেম্বরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের বাটামারা গ্রামের হুমায়ুন হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর ব্যবসার নাম করে হুমায়ুন যৌতুক দাবি করেন। পরে শাকিলা তাঁর পরিবারের কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে দেন। এরপর আরও দুই লাখ টাকা দাবি করা হয়। কিন্তু এ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর নেমে আসে অমানুষিক নির্যাতন। নির্যাতন সহ্য করতে না পেরে দুই মাস আগে শাকিলা তাঁর বাবার বাড়িতে চলে আসেন।লিখিত বক্তব্যে বলা হয়েছে, হুমায়ুন ১৯ জুলাই ফোন করে শাকিলাকে ভোলায় চলে যাওয়ার অনুরোধ জানিয়ে বলেন, তাঁর আপাতত টাকার প্রয়োজন নেই। শাকিলা পরের দিন ভোলায় চলে যান। কিন্তু ওই দিন বিকেলে হুমায়ুন শাকিলার বাড়িতে ফোন করে জানান, তাঁর স্ত্রী ভোলায় আসেননি।নিখোঁজ গৃহবধূর বাবা সুলতান আহম্মেদ জানান, তাঁর মেয়ে ২৩ জুলাই বিকেলে অজ্ঞাত স্থান থেকে মুঠোফোনে বলেন, তাঁকে একটি ঘরে আটকে রাখা হয়েছে। দুই লাখ টাকা দিলে ছেড়ে দেওয়া হবে। এ কথা বলার পরই ফোনের কল কেটে দেওয়া হয়। পরে ওই নম্বরে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া যায়।শাকিলার ভাই আক্তারুজ্জামান মঙ্গলবার সন্ধ্যায় আশঙ্কা প্রকাশ করে জানান, তাঁর বোনকে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়েছে অথবা হত্যা করে লাশ গুম করা হয়েছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ ব্যাপারে হুমায়ুনের সঙ্গে কথা বলতে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলেননি। পরে তাঁর বড় ভাই নূরউদ্দিন বলেন, ‘দুই মাস আগে আমার ভাইয়ের স্ত্রী তাঁর বাবার বাড়িতে যান। আমার ভাই বিভিন্ন সময় ফোন করলেও তিনি ভোলায় আসেননি। ২০ জুলাই সকালে ফোন দিলে তিনি আসছি বলেও আসেননি।’ নির্যাতন ও যৌতুকের বিষয়ে তিনি জানান, কোনো ধরনের যৌতুক নেওয়া হয়নি।জানতে চাইলে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব গতকাল বুধবার বলেন, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। ওসি বলেন, নিখোঁজ গৃহবধূর স্বামীকে আজ (গতকাল) ডেকে এনে তিন দিনের মধ্যে শাকিলার খোঁজ দিতে বলা হয়েছে। নইলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।