স্বামীর বাড়ির সামনে অনশন
স্ত্রীর মর্যাদা পাওয়ার দাবিতে শিকা আকতার (১৯) নামে এক তরুণী গত বৃহস্পতিবার সকাল থেকে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন। ঘটনাটি ঘটেছে বগুড়ার কাহালু উপজেলার ছাইপাড়া গ্রামে। মেয়েটির স্বামী ও শ্বশুর গা ঢাকা দিয়েছেন।স্থানীয় সূত্রে জানা গেছে, ছাইপাড়া গ্রামের বাবলু মিয়ার ছেলে মেহেদী হোসেন (২৫) এবং পার্শ্ববর্তী পুয়াগাড়ী গ্রামের ছমির উদ্দিনের মেয়ে শিকা দীর্ঘদিন ধরে গাজীপুর জেলায় পোশাক তৈরির একটি কারখানায় কাজ করতেন। দুজনই পরিবারের কাউকে না জানিয়ে ২ মে ঢাকায় নোটারি পাবলিক কার্যালয়ে গিয়ে বিয়ে করেন। এরপর গাজীপুরে কয়েক দিন একসঙ্গে বসবাস করেন। মেলা উপলক্ষে তাঁরা ১০-১২ দিন আগে গ্রামে নিজ নিজ বাড়িতে আসেন। শিকা তাঁদের বিয়ের বিষয়টি মেহেদীর মা-বাবাকে জানান। এরপর শিকার কাছে মেহেদী যৌতুক দাবি করেন।অনশনরত শিকা বলেন, ‘মেহেদী আমার কাছে যৌতুক দাবি করে আমাকে শারীরিক নির্যাতনও করেছে। স্ত্রী হিসেবে প্রত্যাখ্যান করায় আমি স্ত্রীর মর্যাদার দাবিতে অনশন শুরু করেছি। বিষয়টি সুরাহা না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখব।’এ ব্যাপারে বক্তব্য জানতে ওই গ্রামে গিয়ে মেহেদী ও তাঁর বাবাকে পাওয়া যায়নি। মেহেদীর মা জোসনা বেগম বলেন, ‘ছেলে ও ছেলের বাবা রাজি থাকলে আমার কোনো আপত্তি নেই।’গ্রামের মাতব্বর ছোলায়মান হোসেন, রফিকুল ইসলাম, মজনু, আবদুল লতিফসহ বেশ কয়েকজন বলেন, ‘আমরা বিষয়টি মীমাংসার জন্য ছেলের বাবাকে নিয়ে বেশ কয়েকবার সালিস করে মেয়েটিকে ঘরে তুলে নিতে বলেছি। কিন্তু ছেলের বাবা গ্রাম্য সালিস মানতে চান না।’