স্বামীর বিরুদ্ধে অপহরণ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে মোর্শেদা বেগম (২৩) নামের এক স্কুলশিক্ষিকা তাঁর স্বামীর নামে অপহরণ মামলা করেছেন। স্বামী মাহাবুর রহমানকে (২৫) তালাক দেওয়ার পরও বিদ্যালয় থেকে জোর করে তুলে বাড়িতে নেওয়ার অপরাধে গত রোববার রাতে স্বামীর বিরুদ্ধে তিনি মামলা করেন।
মোর্শেদা বেগম উপজেলার দৌলতপুর ইউনিয়নের কুশলপুর গ্রামের মৃত মহিউদ্দীনের মেয়ে এবং ওই ইউনিয়নের সূচনীচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। মাহাবুর রহমান একই ইউনিয়নের ভবনচুর গ্রামের জসিম উদ্দীনের ছেলে।
লিখিত এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালে জয়পুরহাট সরকারি কলেজে পড়া অবস্থায় মাহাবুরের সঙ্গে মোর্শেদার পরিচয় হয়। পরে ২০১২ সালের ১০ মে ভয়ভীতি দেখিয়ে প্রথমে জয়পুরহাট আদালতে ও পরে এক কাজির বাড়িতে নিয়ে মোর্শেদাকে বিয়ে করেন মাহাবুর। এরপর মোর্শেদা ২০১৩ সালে বিদ্যালয়ে যোগদান করেন। ২৪ অক্টোবর মোর্শেদা আদালতে একতরফাভাবে মাহাবুরকে তালাক দেন।
এদিকে বিদ্যালয় সূত্রে জানা যায়, ২৬ অক্টোবর সকাল ১০টার দিকে মাহাবুর ও তাঁর সহযোগী রুহুল আমীন (৪২) মোটরসাইকেল নিয়ে সূচনীচড়া বিদ্যালয়ে হাজির হন। একপর্যায়ে মোর্শেদাকে জোর করে মোটরসাইকেলে তুলে মাহাবুর নিজের বাড়িতে নিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয় লোকজন ওই শিক্ষিকাকে উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেন। এ বিষয়ে অভিযুক্ত মাহাবুর মুঠোফোনে বলেন, ‘অপহরণ নয়, স্ত্রীকে নিজের বাড়িতে নিয়ে এসেছিলাম। বিয়ের কাবিননামাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র আছে আমার কাছে। চাকরিতে যোগদানের পর আমার ওপর থেকে তাঁর আগ্রহ কমতে থাকে। ২৫ অক্টোবর মোর্শেদা মুঠোফোনে আমাকে একতরফাভাবে তালাকের বিষয়টি জানায়।’
থানার পরিদর্শক (তদন্ত) হরিদাস মহন্ত বলেন, নিজের স্ত্রী হলেও বিদ্যালয় থেকে এভাবে তুলে আনা অন্যায়।