স্বামীর বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইচ্ছার বিরুদ্ধে এক প্রসূতির গর্ভের সন্তানকে স্বামী ও তাঁর পরিবারের লোকজন নষ্ট করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ কোটচাঁদপুরের গালিমপুর গ্রামে। ভ্রূণ হত্যার অভিযোগে গৃহবধূ সাগরী খাতুন স্বামী সোনা হোসেনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন। আদালত মামলাটি এজাহার হিসেবে নেওয়ার জন্য কোটচাঁদপুর থানাকে নির্দেশ দেন। ২১ জুন থানা পুলিশ মামলাটি রেকর্ড করেছে। মামলায় সোনা হোসেন ছাড়াও গ্রাম্য চিকিৎসক, ক্লিনিক মালিক, সেবিকাসহ সাতজনকে আসামি করা হয়েছে। অবশ্য স্বামী দাবি করেছেন, স্ত্রীর মতামত নিয়েই তাঁর গর্ভপাত করা হয়েছে। সাগরী জানান, তাঁর স্বামী সোনা হোসেনের বাড়ি উপজেলার গালিমপুর গ্রামে। তিনি এর আগে সখি খাতুন নামে আরেকজনকে বিয়ে করেছিলেন। সেই পক্ষে একটি মেয়ে আছে। বছর চারেক আগে সখি বাবার বাড়ি চলে যান। এ সময় সোনা হোসেন তাঁকে (সাগরী) বিয়ের প্রস্তাব দেন। সে সময় তিনি বলেছিলেন, বড় স্ত্রীর সঙ্গে তাঁর তালাক হয়ে গেছে। এ অবস্থায় গত বছরের ২১ সেপ্টেম্বর সোনা হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিছু দিন পর বড় স্ত্রী সখি বাবার বাড়ি থেকে সোনা হোসেনের বাড়িতে এসে ওঠেন। এরপর তাঁরা দুজন স্বামীর সংসার করছিলেন। এরই মধ্যে তিনি অন্তঃসত্ত্বা হন। সাগরী অভিযোগ করেন, সোনা হোসেন তাঁর বড় স্ত্রীর পরামর্শে প্রায়ই গর্ভের বাচ্চাটি নষ্ট করে দিতে বলতেন। কিন্তু তিনি রাজি হননি। ১০ এপ্রিল সকালে তাঁর স্বামী ও বড় স্ত্রী মিলে একটি ঘরে তাঁকে (সাগরী) আটকে বাচ্চাটি নষ্ট করার জন্য চাপ দেন। রাজি না হলে একপর্যায়ে মারধর শুরু করেন তাঁরা। তাঁর পেটে লাথি মারা হয়। এতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ওই দিনই গ্রাম্য চিকিৎসক বাড়িতে এনে তাঁর চিকিৎসা করা হয়। তখন তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা। গ্রাম্য চিকিৎসক মতিয়ার রহমান তাঁকে শহরে নেওয়ার পরামর্শ দেন। ঘটনার দিন বিকেলে তাঁকে কোটচাঁদপুরের জনতা ক্লিনিকে নেওয়া হয়। সাগরী অভিযোগ করেন, ওই ক্লিনিকে চিকিৎসার নামে তাঁকে অস্ত্রোপচার কক্ষে নিয়ে যাওয়া হয়। তখন স্বামী ও চিকিৎসকদের আচার-আচরণে সন্দেহ হলে তিনি সেখান থেকে পালানোর চেষ্টা করেন। কিন্তু তাঁকে জোর করে একটি ইনজেকশন দিয়ে অচেতন করে ফেলা হয়। এরপর তাঁর গর্ভের বাচ্চাটি নষ্ট করে দেওয়া হয়। এ ঘটনার বিচার চেয়ে সাগরী ২৫ মে ঝিনাইদহ জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে একটি মামলা করেন। পুলিশ সেবিকা রিনা খাতুনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। পরে রিনা জামিনে ছাড়া পান। বাকি আসামিরা পলাতক। কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান, ভ্রূণ হত্যার অভিযোগে দায়ের করা এ মামলা থানায় রেকর্ড হয়েছে। অভিযুক্ত সোনা হোসেন জানান, বাচ্চাটি নষ্ট করার সময় তাঁর স্ত্রী সাগরী খাতুনের মত ছিল। তাঁর মতামতের ভিত্তিতে জনতা ক্লিনিকে নিয়ে এসে বাচ্চাটি নষ্ট করা হয়েছে। এখন অন্যের পরামর্শে সাগরী এ মামলা করেছেন। এদিকে সেবিকা রিনা খাতুন এ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। ক্লিনিক মালিক বিচিত্র অধিকারী তাঁর ক্লিনিকে এ জাতীয় কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন।