স্বামীর বিরুদ্ধে মামলা করে নিরাপত্তাহীনতায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে মারধরের শিকার এক নারী স্বামীর বিরুদ্ধে মামলা করে দুই সন্তান নিয়ে এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে গত বৃহস্পতিবার ওই নারী নিরাপত্তা চেয়ে বোয়ালিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। ভুক্তভোগীর অভিযোগ ও মামলা সূত্রে জানা গেছে, বগুড়ার আদমদীঘি উপজেলার শান্তাহার এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে ও রাজশাহী নিউ গভ. ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক হুমায়ুন কবীরের সঙ্গে ১৯৯৩ সালে বিয়ে হয় রাজশাহীর মেয়ে ফারহানা রুবাইয়ার। বিয়ের পর হুমায়ুন একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক গড়ে তোলেন। তাঁর এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদ করলে হুমায়ুন কবীর ফারহানার কাছে ১৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমায়ুন গত ১৪ সেপ্টেম্বর ফারহানাকে মারধর করেন এবং হত্যার হুমকি দিয়ে রাজশাহী নগরের বড়কুঠি এলাকার ভাড়া বাড়ি থেকে বের হয়ে যান। ফারহানা আহত অবস্থায় ভর্তি হন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি)। ফারহানা সেখানে তিন দিন ছিলেন। ওসিসির মাধ্যমেই তিনি গত ২৩ সেপ্টেম্বর বোয়ালিয়া থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করেন। ফারহানা জানান, মামলা করার পর থেকে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁকে তাঁর স্বামী বিভিন্নভাবে হুমকি-ধমকি দিচ্ছেন। বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন বলেন, আসামি পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।