প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় গ্যাসের লাইন বিস্ফোরণে নিপুল (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন তাঁর স্ত্রী শিখা রানী (৩৫)। গতকাল শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিপুল পেশায় ছিলেন বৈদ্যুতিক মিস্ত্রি।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আল মামুন প্রথম আলোকে জানান, কাশীপুর খিল মার্কেট এলাকার দুলাল মিয়ার ভাড়া দেওয়া বাসায় সকাল নয়টার দিকে বিকট শব্দে গ্যাসের পাইপলাইনে বিস্ফোরণ ঘটে। এতে মুহূর্তের মধ্যে ঘরে আগুন ধরে যায়। তখন মারাত্মক দগ্ধ হন নিপুল ও তাঁর স্ত্রী শিখা। তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানে বিকেলে নিপুলের মৃত্যু হয়। শিখার অবস্থা আশঙ্কাজনক।