স্বামীর মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের দায়ে স্বামী আকবর আলীর বিরুদ্ধে নিম্ন আদালতের দেওয়া মৃত্যুদণ্ডাদেশের রায় বহাল রেখেছেন হাইকোর্ট। বিচারপতি মো. আবদুল হাই ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল মঙ্গলবার এ রায় দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও আবদুল হাই সরকার। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান রুবেল ও সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল কালাম আজাদ।
পরে মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, অ্যাসিড অপরাধ দমন আইনের ৫-এর ‘ক’ ধারায় নিম্ন আদালত আকবর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় হাইকোর্ট তাঁর মৃত্যুদণ্ড বহাল রেখেছেন। আসামির আপিল খারিজ এবং ডেথ রেফারেন্স (মৃত্যুদণ্ডাদেশ অনুমোদন) অনুমোদন করে এ রায় দেওয়া হয়। তিনি জানান, অ্যাসিড নিক্ষেপের শিকার গৃহবধূ আয়শা সিদ্দিকা জীবিত আছেন।
আইনজীবী সূত্র জানায়, ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি সিরাজগঞ্জের শাহজাদপুরের বড় দুগালি গ্রামে আকবর আলী তাঁর স্ত্রী আয়শা সিদ্দিকাকে অ্যাসিড নিক্ষেপ করেন। এ ঘটনায় পরদিন আয়শার বাবা আবদুল আওয়াল শেখ অ্যাসিড অপরাধ দমন আইন, ২০০২—এ শাহজাদপুর থানায় আকবর ও তাঁর পরিবারের সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামি আকবর আলী সৌদি আরব ছিলেন। ঘটনার ছয় মাস আগে তিনি দেশে আসেন। স্ত্রীকে সৌদি আরবে নেওয়ার প্রস্তাব নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয়। ২০০৮ সালের ১৮ ফেব্রুয়ারি রাতে দুজনের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে রাত দুইটার দিকে আকবর আলী ক্ষিপ্ত হয়ে গ্লাসভর্তি অ্যাসিড আয়শার মুখে ঢেলে দেন। অ্যাসিড তাঁর মুখ, মাথার সামনের চুল, চোখ, বুক পর্যন্ত এবং দুই হাতে লাগে। আয়শা চিৎকার দিলে আকবর দরজা খুলে বের হয়ে যান।
২০০৮ সালের ১৭ এপ্রিল এ মামলায় আকবর আলীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ। পলাতক আকবর আলী ২০০৯ সালের ২১ মে আদালতে আত্মসমপর্ণ করেন। ২০০৯ সালের ২৩ আগস্ট সিরাজগঞ্জের অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল এ মামলার রায়ে আকবর আলীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আপিল করেন। একই সঙ্গে ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টে আসে। গতকাল আদালত রায় দেন।
আকবর আলী বর্তমানে কারাগারে আছেন।