স্বামীর মৃত্যুর খবরে স্ত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার দৌলতখানে বজ্রপাতে স্বামীর মৃত্যুর খবর শুনে মারা গেছেন স্ত্রী। ঘটনাটি ঘটেছে উপজেলার কলাকোপা গ্রামে।স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার বেলা আড়াইটার দিকে মাঠ থেকে বাড়ি ফেরার পথে কৃষক আবদুল বারেক (৫০) বজ্রপাতে নিহত হন। মৃত্যুর খবর শুনে তাঁর স্ত্রী সমীরন নেছা (৪০) জ্ঞান হারিয়ে ফেলেন। তাঁকে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন। কর্তব্যরত চিকিৎসক ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এস এম সিরাজুল ইসলাম জানান, মা-বাবার মৃত্যুর শোকে মেয়ে ইয়াছমিনও হাসপাতালে চিকিৎসাধীন। তিনি এখনো ঝুঁকিমুক্ত নন।নিহত বর্গাচাষি আবদুল বারেকের ছয় মেয়ে ও দুই ছেলে রয়েছে। রোববার সকাল নয়টায় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁর মরদেহ দাফন করা হয়। ওই দিন দুপুরে স্বামীর কবরের পাশেই স্ত্রী সমীরন নেছার মরদেহ দাফন করা হয়।