স্বামীর মৃত্যুর পর চলে গেলেন স্ত্রীও
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় স্বামীর মৃত্যুর পর হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে স্ত্রী মৃত্যুবরণ করেছেন। আজ রোববার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া বাজারে এ ঘটনা ঘটে।
মৃত দুজন হলেন আজিজুল হক (৫০) ও খোদেজা বেগম (৩৮)। তাঁদের বাড়ি পশ্চিম সমশ্চুড়া গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, আজিজুল হক সকালে সমশ্চুড়া বাজারে নিজের আসবাবের দোকানে আসেন। বেলা দুইটার দিকে বাড়ি থেকে স্ত্রী খোদেজা খাবার নিয়ে সেখানে যান। ভাত খাওয়ার একপর্যায়ে আজিজুল পেটে ব্যথা অনুভব করেন। তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাজারের একটি শৌচাগারে যান। আধা ঘণ্টায়ও ফিরে না আসায় খুঁজতে গিয়ে আজিজুলকে শৌচাগারে পড়ে থাকতে দেখেন খোদেজা। খোদেজার চিৎকারে বাজারের লোকজন এসে উদ্ধার করে বাইরে নিয়ে এলে স্থানীয় চিকিৎসক আজিজুলকে মৃত ঘোষণা করেন। এ সময় খোদেজা চিৎকার করে অচেতন হয়ে পড়েন। ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনিও মারা যান।
পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ মিয়া বলেন, স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রোববার রাতে তাঁদের দাফন করা হয়েছে।