স্বামীর মৃত্যুর সংবাদে বিউটি শুধুই কাঁদছেন
স্বামীর মৃত্যুর সংবাদে নির্বাক হয়ে গেছেন বিউটি খাতুন। ৪৫ দিন বয়সী কন্যাসন্তানকে কোলে নিয়ে শুধুই কাঁদছেন। গত কয়েক দিন পরিবারের কারও সঙ্গে কথা বলেননি তিনি। শুধু বাড়ির সামনের রাস্তা দিকে চেয়ে আছেন। পরিবারের অন্য সদস্যরাও প্রতীক্ষায় আছেন কখন আসবে প্রিয়জনের লাশ। তারা দ্রুত লাশটি দেশে আনার জন্য দাবি জানিয়েছেন।গতকাল দুপুরে পাবনার বেড়া উপজেলার রূপপুর ইউনিয়নের খানপুরা গ্রামের আলতাফ হোসেনের বাড়িতে গিয়ে এ দৃশ্য দেখা যায়। ১৭ ডিসেম্বর আলতাফ হোসেন (৩২) আফগানিস্তানে জঙ্গিদের গুলিতে নিহত হওয়ার পর তাঁর পরিবারে এই অবস্থার সৃষ্টি হয়েছে।নিহত আলতাফ হোসেনের বড় ভাই কাজী আলাউদ্দিন জানান, তাঁদের দশ ভাইবোনের মধ্যে আলতাফ সবার ছোট। ২০০৪ সালে তিনি কাজের সন্ধানে আফগানিস্তানে যান। সেখানে গিয়ে কিছু দিন বেকার ছিলেন। তারপর আফগানিস্তানের সামোয়ান কোম্পানিতে প্লান্ট অপারেটরের কাজ পান। ভালোই রোজগার করছিলেন তিনি। ২০০৮ সালের শেষের দিকে তিনি দেশে আসেন। কিছু দিন পর একই ইউনিয়নের নওগাঁ গ্রামের মনসের আলী শেখের ছোট মেয়ে বিউটি খাতুনকে (২১) বিয়ে করেন। এরপর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তিনি আবার কাজের তাগিদে আফগানিস্তান চলে যান। গত নভেম্বর মাসের ৫ তারিখে তাঁর একটি কন্যাসন্তানের জন্ম হয়। খবর জানানোর পর আলতাফ খুব খুশি হয়ে বলেছিলেন, মেয়েকে দেখতে শিগগির আবার দেশে আসবেন।কাজী আলাউদ্দিন আর কথা বলতে পারছিলেন না। তিনি কাঁদতে কাঁদতে বলেন, ‘আমাগেরে সব শেষ হয়ে গেছে। আমরা এই ছোট বাচ্চাডাক নিয়ে কার কাছে যাব, কী করব? আমরা কিছুই চাইনে, খালি ভায়ের লাশটা দেখপের চাই।’নবজাতক সন্তানকে বুকে জড়িয়ে ধরে শুধুই কাঁদছিলেন বিউটি খাতুন। পরিবারের সদস্যরা জানান, খবরটি শোনার পর থেকে একটি কথাও বলেননি বিউটি। কদিন ধরে শুধুই কাঁদছেন। একবার শুধু স্বামীর লাশটি দেখার কথা বলেছিলেন।আলতাফ হোসেন আফগানিস্তানের সামোয়ান কোম্পানিতে প্লান্ট অপারেটরের কাজ করতেন। ১৭ ডিসেম্বর রাতে একদল আফগান জঙ্গি তাঁদের আটজনকে অপহরণ করে। এ সময় আলতাফ পালানোর চেষ্টা করলে জঙ্গিরা তাঁকে গুলি করে হত্যা করে।