স্বামীর রিমান্ড চেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া উপজেলায় স্ত্রীর খণ্ডিত লাশসহ গ্রেপ্তার হওয়া সাইফুল ইসলামকে (৩৪) তিন দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে চট্টগ্রামের বন্দর থানা পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হয়। আজ মঙ্গলবার এই আবেদনের শুনানি হতে পারে বলে পুলিশ জানিয়েছে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুল আবছার প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রী ফারহানা ইয়াসমিনকে হত্যার বিষয়টি স্বীকার করেছেন সাইফুল। তাঁর বাসার ফ্রিজ থেকে গত রোববার আমরা ফারহানার দেহের খণ্ডিত অংশ উদ্ধার করেছি। টুকরো দুটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’ ওসি নূরুল আবছার বলেন, ফারহানার দুর্ব্যবহারে ক্ষুব্ধ হয়ে তাঁকে গলা টিপে হত্যা করেন বলে দাবি করেছেন সাইফুল। হত্যার পর লাশ সরিয়ে ফেলার উপায় বের করতে না পেরেই তা টুকরো করার সিদ্ধান্ত নেন তিনি। প্রসঙ্গত, গত শনিবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শুভপুর সেতুর কাছে সিএনজিচালিত অটোরিকশা থেকে একটি কার্টনে ভরা স্ত্রীর খণ্ডিত লাশসহ সাইফুল ইসলামকে গ্রেপ্তার করে ছাগলনাইয়া থানার পুলিশ। সাইফুল ছাগলনাইয়া থানার দক্ষিণ বল্লভপুর গ্রামের ওসমান গণির ছেলে। গ্রেপ্তারের পর গত রোববার সাইফুলকে চট্টগ্রামের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে সাইফুল জানান, স্ত্রী ফারহানাকে না জানিয়ে বছর খানেক আগে চট্টগ্রাম নগরের এক কলেজছাত্রীকে বিয়ে করেন তিনি। এ নিয়ে গত শুক্রবার রাতে দুজনের মধ্যে প্রচণ্ড ঝগড়া হয়। রাতে ফারহানা ঘুমিয়ে পড়লে তাঁকে গলা টিপে হত্যা করেন। লাশটি চট্টগ্রাম থেকে ছাগলনাইয়া নেওয়া ঝুঁকিপূর্ণ হবে ভেবে তা কেটে চার টুকরো করা হয়। পরে লাশের দুটি টুকরো ঘরের ফ্রিজে রেখে অন্য দুই টুকরো নিয়ে বাড়ির উদ্দেশে রওনা দেন।