স্বামীর লাথিতে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ
রাজধানীর বাড্ডার আনন্দনগর এলাকায় গতকাল বুধবার স্বামীর লাথিতে রুমা আক্তার (২৪) নামের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া যাত্রাবাড়ীর কুতুবখালী থেকে মো. মামুন (৩০) নামের এক রিকশাচালক এবং বসন্ধুরা আবাসিক এলাকা থেকে শিল্পী (১৪) নামের এক গৃহকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ।পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, মেরুল বাড্ডার ১ নম্বর সড়কের ৬ নম্বর বাড়িতে স্বামী আকবর হোসেনের সঙ্গে থাকতেন রুমা। আকবর পেশায় মাংস-বিক্রেতা (কসাই)। পারিবারিক কলহের জের ধরে গতকাল সকালে রুমার পেটে লাথি মারেন আকবর। রুমা অচেতন হয়ে পড়লে স্বজনেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১০টার দিকে তাঁর মৃত্যু হয়। নিহত রুমা আক্তারের গ্রামের বাড়ি খুলনায়।রুমার মা মাসুদা বেগম অভিযোগ করেন, যৌতুক চেয়ে না পাওয়ায় আকবর রুমাকে পিটিয়ে হত্যা করেছেন। রুমা সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গৃহবধূর স্বামীকে গ্রেপ্তারের জন্য অভিযান চালানো হচ্ছে।যাত্রাবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল সকাল ১০টার দিকে কুতুবখালী স্কুলের গলি থেকে মামুনের লাশটি ‘অজ্ঞাত’ হিসেবে উদ্ধার করা হয়। পরে থানায় গিয়ে তাঁর স্ত্রী কাকলী বেগম লাশ শনাক্ত করেন।কাকলী বেগম সাংবাদিকদের বলেন, মঙ্গলবার ইফতারের পর মামুন রিকশা নিয়ে হাজারীবাগের রায়ের বাজারের বাসা থেকে বের হন। এরপর তিনি আর বাসায় ফেরেননি। লোকমুখে খবর পেয়ে থানায় গিয়ে স্বামীর মৃতদেহ শনাক্ত করেন।যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক মো. এমরান বলেন, মামুন ছিনতাইকারীর কবলে পড়েছিলেন বলে পুলিশ ধারণা করছে। তার রিকশাটি পাওয়া যাচ্ছে না। তা ছাড়া লাশটি উদ্ধারের সময় সঙ্গে কোনো টাকা-পয়সাও পাওয়া যায়নি।এদিকে গতকাল সকালে বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতাল থেকে গৃহকর্মী শিল্পীর লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, বসুন্ধরা আবাসিক এলাকার এফ-ব্লকের ১০ নম্বর সড়কের ২৫ নম্বর বাসায় গৃহকর্তা ব্যবসায়ী মজিবর রহমানের বাসায় কাজ করত শিল্পী। মঙ্গলবার রাতে তাঁকে উদ্ধার করে অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করেছে বলে গৃহকর্তা দাবি করেছেন। গতকাল সকালে পুলিশ ওই হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। লাশের শরীরে জখমের একাধিক চিহ্ন রয়েছে।ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউজ্জামান বলেন, বিষয়টি হত্যা নাকি আত্মহত্যা তা জানার জন্য ময়নাতদন্ত করতে পাঠানো হয়েছে। জানা গেছে, নিহতের গ্রামের বাড়ি ভোলা সদরের চর ইলিশ এলাকায়।