স্বামীর লাশ নিতে গিয়ে লাশ হয়ে ফিরলেন স্ত্রীও
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন স্বামী গোলাম মোহাম্মদ তালুকদার। তাঁর লাশ গ্রামের বাড়ি নেত্রকোনায় নিয়ে যাওয়ার সময় পথে মাইক্রোবাস উল্টে প্রাণ গেল স্ত্রী রফিকা চৌধুরীরও (৫৫)। আজ বৃহস্পতিবার গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় মাইক্রোবাস উল্টে যাওয়ায় এ ঘটনা ঘটে। তাঁদের বাড়ি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জনদপুর এলাকায়।
আজ সকাল আটটার দিকে মাইক্রোবাস উল্টে যাওয়ার ঘটনায় আরও তিন যাত্রী আহত হন। তাঁরা হলেন আনিসুর রহমান (৩৫), শায়লা বেগম (৩২) ও ফজলুল হক (৬০)।
নিহত রফিকা চৌধুরীর জামাতা শামিম আহমেদ জানান, মঙ্গলবার ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তাঁর শ্বশুর গোলাম মোহাম্মদ তালুকদার মারা যান। আজ সকালে লাশ একটি অ্যাম্বুলেন্সে করে গ্রামের বাড়ি নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সের পেছনে অপর একটি মাইক্রোবাসে তাঁর শাশুড়িসহ আরও চার স্বজন ছিলেন। পথে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে পথচারীকে বাঁচাতে গিয়ে চালক ব্রেক করলে মাইক্রোবাসটি উল্টে যায়। এতে তাঁর শাশুড়ি ঘটনাস্থলে নিহত হন। অন্য তিনজন আহত হন। আহত ব্যক্তিদের ঢাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শাশুড়ির লাশ শ্বশুরের অ্যাম্বুলেন্সে করে গ্রামে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
নাওজোর মহাসড়ক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।