স্বামীর লাশ নিয়ে ফেরার পথে গাড়ি উল্টে স্ত্রীও নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান স্বামী গোলাম মোহাম্মদ তালুকদার। তাঁর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে মাইক্রোবাস উল্টে স্ত্রী রফিকা চৌধুরীও নিহত। গতকাল বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধা গোলাম মোহাম্মদ তালুকদার ঢাকার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে দুই দিন আগে তিনি মারা যান। গতকাল সকালে লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়ি নেওয়া হচ্ছিল। অ্যাম্বুলেন্সের পেছনে একটি মাইক্রোবাসে তাঁর স্ত্রী রফিকা চৌধুরী (৫৫), তাঁর জামাতা শামীম আহমেদ, নাতনি শায়লা আক্তার (৩২) ও স্বজন মো. ফজলুল হকসহ (৬০) চারজন ছিলেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় হঠাৎ এক পথচারী দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাঁকে বাঁচাতে চালক ব্রেক কষলে মাইক্রোবাসটি উল্টে যায়। এতে রফিকা চৌধুরী ঘটনাস্থলেই নিহত ও আরও তিনজন আহত হন।
শামীম আহমেদ বলেন, শায়লা আক্তার ও ময়মনসিংহ মেডিকেল কলেজের চিকিৎসক ফজলুল হকসহ আহত তিনজনকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়। পরে দুজনের লাশ অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নেওয়া হয়।
গাজীপুরের নাওজোর মহাসড়ক ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বলেন, আহত ব্যক্তিদের উদ্ধার করে মাওনা চৌরাস্তার একটি ক্লিনিকে পাঠানো হয়। সেখান থেকে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।