স্বামীর লাশের জন্য সাদিয়ার অপেক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক বছর আগে সাদিয়া আক্তারের স্বামী শাহাদাত হোসেনকে (৩৫) তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। স্বামীর খোঁজ পেতে পুলিশের কাছে বহুবার ধরনা দিয়েছেন তিনি। গত মে মাসে জানতে পারেন স্বামী খুন হয়েছেন। তবে এখনো সন্ধান মেলেনি লাশের। স্বামীর লাশের অপেক্ষায় এখন দিন কাটছে সাদিয়ার। সন্তানদের বাবার কবরটা দেখাতে পারলেও সান্ত্বনা পেতেন তিনি।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুর এলাকার বাসিন্দা সাদিয়া আক্তারের স্বামী শাহাদাত হোসেনকে ২০১৬ সালের ১০ জুলাই রাত সাড়ে ১২টার দিকে সন্ত্রাসীরা অপহরণ করে। এ ঘটনার তিন দিন পর ১৩ জুলাই সাদিয়া বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা করেন। চলতি বছরের ১২ এপ্রিল মামলাটি তদন্তের জন্য সিআইডি চট্টগ্রামের কাছে হস্তান্তর করা হয়। তদন্ত শুরু করেন সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মুহাম্মদ শরীফ। এরপর মামলার এজাহারভুক্ত আসামি মো. রানা, মো. সোহেল, মো. কালু ও মশিউর রহমানকে গ্রেপ্তার করে সিআইডি।

আসামি রানা গত ২৪ মে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. হেলাল উদ্দিনের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। জবানবন্দিতে তিনি বলেন, শাহাদাতকে হত্যা করে তাঁরা সীতাকুণ্ডের জঙ্গল ছলিমপুরের পাহাড়ে মাটিচাপা দিয়েছেন। এরপর সিআইডি একাধিকবার ওই পাহাড়ে সন্ধান চালালেও শাহাদাতের লাশ পায়নি।

চার সন্তানের জননী সাদিয়া প্রথম আলোকে বলেন, ‘স্বামীর অপহরণের পর দীর্ঘদিন তাঁর ফিরে আসার অপেক্ষায় ছিলাম। দুই মাস আগে জানলাম তাঁকে খুন করা হয়েছে। কিন্তু এখনো লাশ পাইনি আমরা। লাশের বদলে অন্তত এক টুকরো হাড় পেলেও কবর দিতাম। সন্তানদের বাবার কবর দেখাতে পারতাম।’

মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি চট্টগ্রাম অঞ্চলের পরিদর্শক মুহাম্মদ শরীফ প্রথম আলোকে বলেন, ছলিমপুরের পাহাড়ে তন্ন তন্ন করে শাহাদাতের লাশ খোঁজা হয়েছে। পাওয়া যায়নি। ছলিমপুরের বিশাল পাহাড়ি এলাকায় আসামিরা ঘটনার পর বারবার লাশের স্থান পরিবর্তন করেছেন। এ জন্য লাশটি পাওয়া যাচ্ছে না।

মুহাম্মদ শরীফ বলেন, সম্ভবত অপহরণের দিনই শাহাদাতকে খুন করা হয়। পাহাড় দখল ও আধিপত্য বিস্তার নিয়েই এই খুনের ঘটনা ঘটেছে। নিহত শাহাদাতের বিরুদ্ধেও সীতাকুণ্ড থানায় অস্ত্র, চাঁদাবাজি ও মারামারির ছয়টি মামলা রয়েছে। হত্যাকাণ্ডে অংশ নেন ৮ থেকে ১০ জন। তাঁদের চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আর কয়েকজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। তাঁরা গ্রেপ্তার হলে শাহাদাতের লাশের সন্ধান মিলবে।