স্বামীর লুটের মামলায় নির্যাতিত স্ত্রীসহ চারজন জেলহাজতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে জোসনা বাড়ি থেকে পালিয়ে যান। এরপর স্বামী ফোরকান জোসনা ও তাঁর বাবা-মাকে আসামি করে লুটের মামলা করেন। ওই মামলায় গ্রেপ্তার হয়ে জোসনা, তাঁর শিশুকন্যা ও বাবা-মা এখন জেলহাজতে। ঘটনাটি ঘটেছে ভোলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের দক্ষিণ বালিয়া গ্রামে।জোসনার ফুফু আমিরুন নেছা ও প্রতিবেশী বকুল বেগম জানান, চার বছর আগে দক্ষিণ বালিয়া গ্রামের রাবেয়া বেগম ওরফে জোসনার সঙ্গে প্রতিবেশী ফোরকানের বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের দাবিতে নানা অজুহাতে ফোরকান এবং তাঁর পরিবারের সদস্যরা জেসনার ওপর নির্যাতন চালাতেন। নির্যাতন সহ্য করতে না পেরে জোসনা কয়েকবার বাবার বাড়িতে চলে যান। গত ৫ এপ্রিল সকালে ফোরকান জোসনাকে মারধর করলে, তিনি তাঁর কাপড়-চোপড় নিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এ ঘটনায় ৮ এপ্রিল ফোরকান বাদী হয়ে আদালতে লুটের মামলা করেন। ওই মামলায় আদালতের নির্দেশে গত বৃহস্পতিবার ভোলা থানার পুলিশ জোসনা, তাঁর শিশুকন্যা শিপা, বাবা বজলুর রহমান ও মা নার্গিস বেগমকে তাঁদের বাড়ি থেকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। এদিকে জোসনা তাঁকে নির্যাতনের অভিযোগ এনে তাঁর স্বামী ও শাশুড়িসহ তিনজনের বিরুদ্ধে গত ২১ এপ্রিল ভোলা জেলা জজ আদালতে একটি মামলা করেছেন।গ্রাম্য সালিসদার শাজাহান মোল্লা, ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হারুনুর রশিদ বলেন, ‘নির্যাতনের কারণে জোসনা বারবার বাবার বাড়িতে চলে যেতেন। সালিস করে আবার আমরা তাঁকে স্বামীর বাড়িতে পাঠিয়েছি। তবে জোসনার বিরুদ্ধে কখনো কোনো চুরির অভিযোগ শুনিনি।’ জোসনার শাশুড়ি সায়েরা খাতুন বলেন, ‘আমি জোসনাকে নির্যাতন করিনি। এর আগে সে কখনো চুরি করেনি।’ জোসনার স্বামী ফোরকান বলেন, ‘আমি ওদের বিরুদ্ধে কোনো মামলা করতে চাইনি। যখন শুনলাম ওরা মামলার প্রস্তুতি নিচ্ছে, তখনই মামলা করেছি।’