স্বামীর শরীরে গরম পানি!
স্ত্রীর ঢেলে দেওয়া গরম পানিতে স্বামী মো. কামাল হোসেনের (৫০) শরীর ঝলসে গেছে। গত মঙ্গলবার রাতে বগুড়ার শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া মহল্লা এলাকায় এ ঘটনা ঘটে।এ ব্যাপারে কামাল হোসেন স্ত্রী মলি বেগমকে আসামি করে শেরপুর থানায় মামলা করেছেন। পুলিশ মলিকে (৩০) গ্রেপ্তার করেছে। এদিকে মলির শাস্তির দাবিতে মহল্লার লোকজন বিক্ষোভ মিছিল করেছে। শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন কামাল হোসেন জানান, তাঁর বাড়ি বরিশালের স্বরূপকাঠি উপজেলায়। প্রায় ১১ বছর আগে তিনি মলিকে বিয়ে করে উত্তর সাহাপাড়া মহল্লায় বসবাস শুরু করেন। তাঁর স্ত্রী প্রায়ই তাঁর সঙ্গে ঝগড়া করেন। গত মঙ্গলবার রাতে ঝগড়ার একপর্যায়ে তিনি বিছানায় শুয়ে পড়লে রাত আনুমানিক আড়াইটার দিকে মলি তাঁর শরীরে গরম পানি ঢেলে দেয়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে পুলিশ এসে তাঁকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শাফিউজ্জামান বলেন, কামালের বুক, গলা, মুখমণ্ডল ও ডান বাহুর ওপরের অংশ ঝলসে গেছে। কামাল হোসেনের কয়েকজন প্রতিবেশী জানান, মলি প্রায়ই কামালের ওপর শারীরিক নির্যাতন চালায়। গত মঙ্গলবার রাতে গরম পানি ঢেলে দেওয়ার পর কামালের চিৎকারে মহল্লাবাসী এগিয়ে গেলে মলি তাঁদের অকথ্য ভাষায় গালাগাল করে ও বাড়ির গেটে তালা লাগিয়ে দেয়।পুলিশের জিজ্ঞাসাবাদে মলি বেগম বলেন, তাঁর স্বামী গোপনে আরেকটি বিয়ে করেছেন। এ জন্য তিনি তাঁর শরীরে গরম পানি ঢেলে দিয়েছেন। তবে নতুন করে বিয়ের কথা অস্বীকার করেছেন কামাল হোসেন।