ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী মাশহুদা খাতুনকে শ্বাসরোধে হত্যার অভিযোগে তাঁর স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা। গতকাল মঙ্গলবার মুখে কালো কাপড় বেঁধে মানববন্ধনের সময় শিক্ষার্থীরা ওই দাবি জানান।বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহের হোসেন ভবনের সামনে আয়োজিত মানববন্ধনে আইন বিভাগের শিক্ষক রহমতুল্লাহ বলেন, নৈতিক মূল্যবোধের অভাবে সমাজে এ ধরনের হত্যাকাণ্ড ঘটছে। এ ধরনের নিষ্ঠুরতা কোনোভাবেই কাম্য নয়। মানববন্ধনে আইন বিভাগের শিক্ষক শেখ হাফিজুর রহমান, বাংলাদেশ আওয়ামী আইন ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু সালমান প্রধান ও সাধারণ সম্পাদক মো. শরিফুল হাসানসহ আইন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা অংশ নেন। গত শুক্রবার সাতক্ষীরায় বাবার বাড়িতে মাশহুদাকে শ্বাসরোধে হত্যা করেন তাঁর স্বামী আবদুল কুদ্দুস ফকির। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী কুদ্দুস পরে নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে হত্যার কথা স্বীকার করেন।