স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে প্রাণ গেল নববধূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্রী জিন্নাত সুলতানা (১৮)। তিন দিন আগে শুক্রবার উপজেলার সারডুবী গ্রামের আবদুল আজিজের ছেলে রুহুল আমীনের সঙ্গে তাঁর বিয়ে হয়। রোববার স্বামী ও ননদের সঙ্গে মোটরসাইকেলে করে ঘুরতে গিয়ে ট্রাকের চাপায় তিনি নিহত হন।গুরুতর আহত জিন্নাতের স্বামী ও ননদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জিন্নাত উপজেলার রমনীগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হোসেনের মেয়ে।হাতিবান্ধা থানা, প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার সন্ধ্যায় স্বামী রুহুল আমিন ও ননদ নাজনীনসহ দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজে ঘুরতে যান জিন্নাত। মোটরসাইকেলে করে বাড়িতে ফেরার পথে বুড়িমারী-রংপুর সড়কের সাধুরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। ঘটনাস্থলেই জিন্নাতের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় রুহুল আমিন ও নাজনীনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই দিন নীলফামারীর ডোমার উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় রোজিয়া বেগম (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রোববার বিকেলে ডোমার থেকে জলঢাকা যাওয়ার পথে একবট এলাকায় একটি পিকআপ ভ্যান বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি ভ্যানকে চাপা দেয়। এ সময় পিকআপ ভ্যানটিও পার্শ্ববর্তী খাদে উল্টে পড়ে যায়। দুর্ঘটনার পর পুলিশ ও এলাকাবাসী ভ্যানের যাত্রী রোজিয়া বেগম ও বলহরি (২৪) এবং চালক বাবলুকে (২৫) উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে রোজিয়া বেগমের মৃত্যু হয়।