‘কৃষিকাজ করে আমাদের সংসার চলত। সে কোনো খারাপ কাজের সঙ্গে ছিল না। এলাকার কেউ তাকে খারাপ বলতে পারবে না। আমার স্বামীকে লুঙ্গি পরা অবস্থায় বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরে সদর উপজেলার তুলারামপুর বাজারে নিয়ে হাতে অস্ত্র দিয়ে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র মামলা দেওয়া হয়েছে।’ অভিযোগ নড়াইলের কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের পার ভোমবাগ গ্রামের অহীদা খানমের। তাঁর স্বামী মফিজ শেখকে (৩৪) সাদাপোশাকের কিছু লোক গত ১১ মার্চ রাতে পাশের সেলিম ফকিরের বাড়ি থেকে ধরে নিয়ে যায়।
‘ওই দিন তারা বেড়িবাঁধের ওপর নিয়ে বেধড়ক মারপিট করে। পিছু পিছু গেলে তারা আমাকে গুলি করে মেরে ফেলার ভয় দেখায়। পরে তাকে অস্ত্রসহ নড়াইল সদর থানায় দেয়। আমার চারটি সন্তান। সংসারে কাজ করার কেউ নেই। জমির ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে।’ বলছিলেন অহীদা খানম। মিথ্যা মামলা থেকে তাঁর স্বামীর মুক্তি চান তিনি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, র্যা ব-৬-এর সদস্যরা ১১ মার্চ রাতে একটি শটগান ও তিনটি গুলিসহ মফিজ বিশ্বাসকে থানায় সোপর্দ করেন। এ ব্যাপারে অস্ত্র আইনে মামলা হয়েছে। এ ছাড়া সদর থানায় তাঁর বিরুদ্ধে কোনো মামলা নেই।
মামলার বাদী র্যা ব-৬ যশোরের ডিএডি মো. আবদুর রাজ্জাকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ‘এভাবে আমি কথা বলতে পারব না। আপনি এ ব্যাপারে আমাদের স্যার অতিরিক্ত পুলিশ সুপার (অতিরিক্ত এসপি) মো. কুদ্দুসুর রহমানের সঙ্গে যোগাযোগ করেন।’
মুঠোফোনে মো. কুদ্দুসুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ১১ মার্চ গভীর রাতে মফিজ শেখকে নড়াইল সদর উপজেলার তুলারামপুর বাজারের একটি ওষুধের দোকানের সামনে থেকে ধরা হয়। তাঁর কোমর তল্লাশি করে একটি লোহার তৈরি শটগান এবং তিনটি গুলি পাওয়া যায়। মামলা হয়েছে, বিষয়টির তদন্ত চলছে।