স্বামীর হাতেই খুন হন বিউটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মা-মা চিৎকার করে তিন বছরের রিয়া খুঁজে ফিরছিল মাকে। এই অবুঝ শিশু জানে না তার মা আর কোনো দিন তাকে বুকে টেনে নেবে না। বোনের কান্না দেখে ভাই রাকিব (৯) বোবার মতো দাঁড়িয়ে ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল হোগলা দিয়ে পেঁচানো তার মায়ের লাশের দিকে।গত বৃহস্পতিবার সকালে পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া গ্রামের কালু খাঁর বাড়িতে দুই অবুঝ শিশুর মাকে খুঁজে ফেরা ও মায়ের জন্য চাপা কান্নার দৃশ্য দেখে উপস্থিত শত শত মানুষ চোখের পানি ধরে রাখতে পারেনি। বুধবার গভীর রাতে তাদের মাদকাসক্ত বাবা আবুল বাশার খাঁ (৩৫) ধারালো দা দিয়ে জবাই করে হত্যা করে তাদের মা বিউটি বেগমকে (২৮)।এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, ব্যবসা সূত্রে সাত-আট বছর আগে বাশারের বাবা কালু খাঁর সঙ্গে পরিচয় হয় গলাচিপার ডাকুয়া ইউনিয়নের টেংগাতলা গ্রামের সালাম মোস্তানের সঙ্গে। নিজেকে পীর দাবি করে সালাম কালু খাঁকে মুরিদ বানিয়ে নেন। সেই থেকে কালু খাঁর বাড়িতে যাতায়াত তাঁর। প্রায় রাতে কালু খাঁর বাড়িতে ধর্মের নামে জিকির-আসকারে চলত গাঁজা সেবন ও অনৈতিক কর্মকাণ্ড। এভাবেই মাদকাসক্ত হয়ে পড়ে বাড়ির প্রায় সবাই। কথিত পীরের আচরণ বাশারের স্ত্রী বিউটির ভালো লাগেনি। বিউটি মুরিদ না হওয়ায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। সালাম মোস্তানের আস্তানায় বিউটিকে নেওয়ার জন্য মারধর করতেন বাশার।গ্রেপ্তার হওয়া আবুল বাশার স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে পুলিশকে জানান, বিউটি পীরের মুরিদ ও আস্তানায় না যাওয়ায় ক্ষিপ্ত হন সালাম। কথিত পীর তাঁকে বলেন, ‘সম্পদ শেষ হয়েছে তোর বউর জন্য। এখনো সময় আছে বউকে মুরিদ বানিয়ে আমার কাছে নিয়ে আয়। তা না হলে ওকে সরিয়ে দে। নইলে তোর ধন-সম্পদ, আল্লাহ ও তাঁর দ্বীন কিছুই পাবি না।’বুধবার রাতেও গাঁজার আসরে কথিত পীর বিউটিকে তাঁর কাছে নিয়ে আসতে বলে বাশারকে। নেশাগ্রস্ত বাশার ছুটে যান বিউটির কাছে। গভীর রাতে বিউটি তাঁর সন্তান রাকিবকে নিয়ে ঘরের বাইরে বের হলে বাশার দা দিয়ে গলায় কোপ দিয়ে ও পরে জবাই করে পালিয়ে যান। এ সময় রাকিব চিৎকার দিয়ে দৌড়ে ঘরের পাশে একটি গোয়াল ঘরে আশ্রয় নেয়। মামলার তদন্ত কর্মকর্তা বাউফল থানার উপ-পুলিশ পরিদর্শক আবদুস সালাম মোল্লা জানান, এ ঘটনায় বিউটির চাচা দেলোয়ার হোসেন গাজী বাউফল থানায় সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও তিন-চারজনকে আসামি করে মামলা করেছেন। বৃহস্পতিবার রাতে বাউফলের জয়রাংলা বাজার এলাকা থেকে বাশার ও তাঁর ভাই মোনায়েমকে গ্রেপ্তার করা হয়েছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমনি চাকমা জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে ও দোষীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।