ফেনী সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের রানিরহাট বাজার এলাকায় স্বামীর ছুরিকাঘাতে ইয়াসমিন (২১) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এদিকে সদর উপজেলার ছনুয়া গ্রামে একটি শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশুকে আটক করা হয়েছে।
পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, প্রায় তিন বছর আগে ফেনীর ফুলগাজী উপজেলার দক্ষিণ দৌলতপুর গ্রামের ইয়াসমিন ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইসলামপুর গ্রামের মো. আজিজুল ইসলাম ওরফে নয়নের (২৩) বিয়ে হয়। চট্টগ্রামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করার সময় তাঁরা নিজেদের পছন্দে বিয়ে করেন। দুই মাস আগে আজিজুল রানিরহাট এলাকায় একটি কোম্পানিতে চাকরি নিয়ে ফেনী চলে আসেন ও বাসা ভাড়া নিয়ে বসবাস করতে শুরু করেন।
ইয়াসমিনের মা মরিয়ম ইসলাম বলেন, ফেনী আসার পর কারণে-অকারণে আজিজুল ইয়াসমিনকে মারধর করতেন। গত মঙ্গলবার রাতেও ঝগড়ার একপর্যায়ে আজিজুল ইয়াসমিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করেন। এতে ইয়াসমিন মারা যান। ঘটনার পর থেকে আজিজুল পলাতক। ইয়াসমিনের এক প্রতিবেশীর মাধ্যমে খবর পেয়ে তিনি ওই বাসায় গিয়ে মেয়েকে মৃত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলার ছনুয়া গ্রামে মার্বেল খেলাকে কেন্দ্র করে দুই শিশুর মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে মাইন উদ্দিন (১২) নামের একটি শিশু সাইফুল ইসলাম (১৩) নামে অপর শিশুকে ধাক্কা দেয়। এতে সে মাটিতে পড়ে অচেতন হয়ে যায়। সন্ধ্যায় তাকে ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ মাইন উদ্দিনকে আটক করেছে।
সাইফুল ইসলাম বাগেরহাটের কচুয়া উপজেলার মাধবকাঠি গ্রামের আবদুল মজিদ শেখের ছেলে। তাদের পরিবার ফেনীর ছনুয়ায় বসবাস করে।
ফেনী সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সাহা জানান, ময়নাতদন্তে দেখা গেছে ছুরিকাঘাতেই ওই নারীর মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই শিশুর মাথায় আঘাত ও অণ্ডকোষে চাপ সৃষ্টির আলামত পাওয়া গেছে।
ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ পৃথক ঘটনায় এক নারী ও এক শিশুর অস্বাভাবিক মৃত্যু এবং এক শিশু আটকের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই দুই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।