স্বামীরা গৌরী সেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মধুপুর পৌরসভার তিনটি সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন ১৭ জন গৃহিণী। তাঁদের একজন এইচএসসি, একজন এসএসসি, নয়জন অষ্টম শ্রেণী, একজন পঞ্চম শ্রেণী পাস। বাকি পাঁচজন স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। তাঁরা সবাই নির্বাচনে ব্যয় করবেন ৩০ হাজার থেকে ৬০ হাজার টাকা। নির্বাচনী খরচের এই টাকা জোগান দেবেন তাঁদের স্বামী ও আত্মীয়রা। নির্বাচনে অংশ নেওয়ার জন্য রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া হলফনামা সূত্রে এ তথ্য জানা গেছে।সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন। এই পাঁচজনের সবাই অষ্টম শ্রেণী পাস এবং পেশায় গৃহিণী বলে উল্লেখ করেছেন। তাঁদের মধ্যে ফেরদৌসী বেগম নির্বাচনে ৩০ হাজার টাকা ব্যয় করবেন। টাকা নেবেন স্বামীর ব্যবসা থেকে। শাহীনা বেগম স্বামীর দোকান ভাড়া থেকে পাওয়া ৬০ হাজার টাকা ব্যয় করবেন নির্বাচনে। মলিদা বেগম ব্যয় করবেন ৪০ হাজার টাকা। এর মধ্যে ২০ হাজার পারিবারিক কৃষি খাতের আয় থেকে এবং বাকি টাকা স্বামীর ব্যবসা থেকে। সেলিনা খাতুন খরচ করবেন ৪০ হাজার টাকা; ৩০ হাজার টাকা দেবেন চার ভগ্নিপতি, আর ১০ হাজার টাকা নিজের সঞ্চয় থেকে। অপর প্রার্থী সুমি বেগম ৪৮ হাজার টাকা ব্যয় করবেন; স্বামীর চাকরি থেকে প্রাপ্ত অর্থ দিয়ে এই ব্যয় মেটাবেন তিনি।২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী ছয়জনের সবাই পেশায় গৃহিণী। তাঁদের মধ্যে একমাত্র আসমা বেগম পঞ্চম শ্রেণী পাস। বাকি সবাই স্বাক্ষরজ্ঞানসম্পন্ন। আসমা বেগম নির্বাচনে ৫০ হাজার টাকা ব্যয় করবেন। টাকা পাবেন স্বামীর কৃষি খাতের আয় থেকে। জায়দা বেগম ৫০ হাজার টাকা খরচ করবেন বলে হলফনামায় উল্লেখ করেছেন। এর মধ্যে ৩০ হাজার টাকা নিজের সঞ্চয় থেকে এবং বাকি ২০ হাজার টাকা দেবেন তাঁর স্বামী চাকরির আয় থেকে। মালেকা বেগম নিজের সঞ্চিত ৫০ হাজার টাকা ব্যয় করবেন। হামিদা বেগম ও কল্পনা আক্তার কৃষি খাতের আয় থেকে ব্যয় করবেন ৩০ হাজার টাকা করে। ঊষা আর্য ৩০ হাজার টাকা ব্যয় করবেন স্বামীর ব্যবসা থেকে।৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে ছয়জন প্রার্থীর মধ্যে রোকেয়া বেগম এইচএসসি, মনোয়ারা বেগম এসএসসি ও বাকি চারজন অষ্টম শ্রেণী পাস। রোকেয়া বেগম কৃষি থেকে পাওয়া ৫০ হাজার টাকা ব্যয় করবেন। মনোয়ারা বেগম কৃষি খাত থেকে প্রাপ্ত ২০ হাজার টাকা ও ব্যবসা থেকে প্রাপ্ত ৩০ হাজার টাকা ব্যয় করবেন। শাহানাজ ৫০ হাজার টাকা এবং হাসিনা বেগম ৪০ হাজার টাকা ব্যয় করবেন স্বামীর ব্যবসার আয় থেকে। নূরজাহান বেগম ৫০ হাজার টাকা ব্যয় করবেন স্বামীর আয় থেকে এবং নাজমা বেগম ৫০ হাজার টাকার নির্বাচনী ব্যয় মেটাবেন স্বামীর ঠিকাদারির আয় থেকে। এ প্রসঙ্গে মধুপুরের ভোটার ও স্কুলশিক্ষক বাহাজউদ্দিন ফকির বলেন, প্রায় সব নারী প্রার্থী নির্বাচনী ব্যয় মেটাবেন স্বামীদের টাকায়। এ যেন ‘লাগে টাকা, দেবে গৌরী সেন’!সচেতন নাগরিক কমিটি (সনাক) মধুপুর শাখার আহ্বায়ক ও প্রবীণ শিক্ষক মারিয়া চিরান বলেন, ‘শিক্ষিত সচেতন ও স্বাবলম্বী নারীরা নির্বাচনে এলে ভালো হতো। তাঁরা স্বাধীনভাবে পৌর পরিষদে সিদ্ধান্ত নিতে ও কাজ করতে পারতেন। যেহেতু তাঁরা আসেননি, তার পরও যাঁরা এসেছেন তাঁদের মধ্য থেকেই আমাদের বেছে নিতে হবে। নির্বাচিতদের সরকারি-বেসরকারি উদ্যোগে প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়া হলে তাঁরা অধিকারসচেতন হবেন।’