‘স্বামীরে শুধু বলি নিয়া যাবা, স্বামীও সঙ্গে সঙ্গে পিঠে নিয়ে রওনা দেন’
ছয় বছর বয়সে টাইফয়েড জ্বরে রওশন আক্তারের দুই হাঁটুর নিচ থেকে অবশ হয়ে যায়। তখন থেকেই হাঁটাচলা প্রায় বন্ধ তাঁর। দুই হাতে স্যান্ডেল পরে হামাগুড়ি দিয়ে কিছুটা চলতে পারেন। শারীরিক প্রতিবন্ধী হওয়ায় পরিবারের লোকজন রওশনকে বাড়ির বাইরে নিয়ে যেতেন না। তবে বিয়ের পর রওশনের কোথাও যেতে মন চাইলে শুধু স্বামী সোহেল মিয়াকে বলেন, সোহেল রওশনকে পিঠে নিয়ে রওনা দেন। এভাবেই কেটে গেছে প্রায় ১৫ বছর।
ময়মনসিংহের ত্রিশালের মেয়ে রওশন। পড়াশোনা করেছেন পঞ্চম শ্রেণি পর্যন্ত। তা–ও সহপাঠীরা কোলে করে নিয়ে যেতেন বলে পড়াশোনাটুকু হয়েছে। পরে পড়াশোনা বন্ধ করে দেয় রওশনের পরিবার। সোহেল মিয়া রাজশাহীর ছেলে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। রওশনকে বিয়ে করে সোহেল মিয়া পরিবার থেকে প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছেন। রওশনকে সোহেলের পরিবারের কেউ মেনে নেননি। তাই সোহেল মিয়া বিয়ের পর থেকে রওশনের বাবার বাড়িতেই আছেন। ছোট্ট একটি মাটির ঘরেই সুখের সংসার পেতেছেন এ দম্পতি।
মঙ্গলবার মুঠোফোনে কথা হয় রওশন ও সোহেল মিয়ার সঙ্গে। স্বামীর পিঠে চড়ে যাতায়াত করা প্রসঙ্গে রওশন বললেন, ‘আগে শুকনা ছিলাম। এখন মোটা হইছি, ওজন কম কইরা হইলেও ৫০ কেজি হইব। স্বামীও স্ট্রোক করেছেন ২০২০ সালে। ডাক্তার ভারী কিছু তুলতে নিষেধ করেছেন। তাই এখন স্বামীর পিঠে চড়তে নিজেরই কষ্ট লাগে, মনে হয় আমার জন্য মানুষটার অনেক কষ্ট হইতেছে। তারপরও যখন উপায় থাকে না, তখন পিঠে চড়তেই হয়।’
রওশন বললেন, ‘বিয়ের আগে আমি কোথাও যাইতাম না। এখন স্বামীরে শুধু বলি ওমুক জায়গায় নিয়া যাবা, স্বামীও সঙ্গে সঙ্গে পিঠে নিয়ে রওনা দেন। তবে মাঝে মাঝে মনে হয়, নিজের সুখের জন্য এই মানুষটারে আর কত কষ্ট দিমু।’
একটি সংগঠনের পক্ষ থেকে রওশন একটি হুইল চেয়ার পেয়েছিলেন। কিন্তু গ্রামের রাস্তায় হুইল চেয়ার নিয়ে চলাফেরা করা বেশ কঠিন। বর্ষায় তো চলাই যায় না। হুইল চেয়ারটি নষ্ট হলে তা আর মেরামতও করা হয়নি।
পিঠে চড়া প্রসঙ্গে রওশন তাঁর বোনের ছেলে রাসেলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বললেন, ‘বিয়ের আগে ঘরে থাকতে থাকতে খুব বেশি মন খারাপ হতো। তখন রাসেল মাঝে মাঝে পিঠে করে বাড়ির আশপাশে নিয়ে যেত।’
রওশন-সোহেলের পরিচয়ের গল্পটাও দারুণ। একটি ১০ টাকার নোটের মাধ্যমে যোগাযোগ তাঁদের। রওশন ঘরে শুয়ে–বসে দিন কাটান বলে কম দামি একটি মুঠোফোন পেয়েছিলেন বোনের ছেলের কাছ থেকে। কেউ একজন ১০ টাকার নোটটিতে রওশনের মুঠোফোন নম্বর লিখে দেয়। তাতে বেশ আজেবাজে কথাও লেখা ছিল। ওই নোটটি ঘুরতে ঘুরতে আশ্রয় পায় সোহেল মিয়ার ড্রয়ারে। কৌতূহল নিয়ে ওই নম্বরে ফোন করলে পরিচয় হয় রওশনের সঙ্গে।
আমার সংসারে অর্থবিত্ত নাই। মায়া মহব্বত আছে। আমার ওয়াইফের চেহারা খুব ভালো। আমার মেয়েটাও হইছে ফুটফুটে। আমরা খুব সুখে আছি।সোহেল মিয়া
রওশন হাসতে হাসতে বললেন, ‘কেউ ১০ টাকার নোটে বাজে কথা লিখছিল আমার ক্ষতি করার জন্য। ক্ষতি তো হয় নাই, লাভ হইছে আমার। সোহেল মিয়ার মতো একজন স্বামী পাইছি আমি।’
বিয়ের আগে নিজের আরও ফুটফুটে চেহারা ছিল, এ কথা বলে রওশন মুঠোফোনেই একটু হাসলেন। বললেন, ‘অনেকেই বিয়ের জন্য আসত। মুখ দেখে তাঁরা রাজিও হইত। কিন্তু যখনই পা দেখত, তখনই পালাইয়্যা যাইত। একমাত্র সোহেল মিয়াই সব জানার পরও বিয়ে করছেন।’
সোহেল মিয়া বিয়ের প্রস্তাব দিলে রওশন তাঁকে বলেছিলেন, দুই–এক বছর ঘর করে প্রতিবন্ধী বউ বলে ছেড়ে চলে গেলে তিনি খুব কষ্ট পাবেন। ওই কষ্ট যেন তাঁকে না পেতে হয়। সোহেলও প্রতিজ্ঞা করেছিলেন, তেমনটি হবে না। রওশনের পরিবার, আশপাশের লোকজন সোহেলের এ প্রতিজ্ঞাকে অবশ্য কথার কথা মনে করেছিলেন। প্রায় ১৫ বছর ধরে সোহেল–রওশনের সংসার সুখে–দুঃখে চলছে।
রওশন–সোহেল দম্পতির ঘরে এখন ১০ বছরের একটি কন্যাসন্তান। সোহেল মিয়া একটি চাকরি করতেন। কিন্তু সন্তান জন্মের পর মেয়ের জামাকাপড় ধোয়া থেকে শুরু করে মা ও মেয়ের প্রায় সব কাজই করে দিতে হতো। এ কারণে চাকরিটা আর ধরে রাখা সম্ভব হয়নি। বর্তমানে বাড়ির কাছে একটি টং দোকান খুলে বসেছেন সোহেল। কিন্তু তাতে সংসারের খরচ চলে না। সরকারি সহায়তা থেকে প্রতি মাসে ৩০ কেজি চাল, রওশনের প্রতিবন্ধী ভাতা বাবদ মাসিক ৭৫০ টাকা—সব মিলিয়ে চলে সংসার। মাঝেমধ্যে আশপাশের কেউ কেউ কিছু সহায়তা করেন।
মুঠোফোনে আলাপের একপর্যায়ে সোহেল ও রওশন বললেন, মানুষের কাছ থেকে হাত পেতে কোনো সহায়তা নিতে চান না তাঁরা। বাধ্য হয়ে নিতেও লজ্জা লাগে। রওশন বললেন, ‘মাঝে মাঝে কাঁথা সেলাই করে সংসারের খরচ চালাই। মানুষের কাছে কেমনে হাত পাতব?’
নিজেদের আর্থিক অনটনের কথা বলার চেয়ে ডালভাত খেয়েই খুব ভালো আছেন, তাঁরা খুব সুখী, এ কথাগুলো বলতেই বেশি পছন্দ করছিলেন এই দম্পতি। বললেন, ‘তাঁদের মেয়ে বাবা-মায়ের কষ্টটা বেশ ভালোই বুঝতে পারে। তবে মেয়েও তো অনেক ছোট। তাই মাঝে মাঝে মনও খারাপ করে।’
রওশনের গলা ধরে আসে। আজ (মঙ্গলবার) সকালে মেয়ে শুধু আলুভর্তা দেখে ভাত না খেয়েই প্রাইভেট পড়তে চলে গেছে। এরপর বাড়ি ফিরেও খাবারের পাতে তেমন ভালো কিছু পাবে না মেয়ে। পাশ থেকে সোহেল মিয়া বললেন, বোঝেনই তো, সব সময় তো আর ভালো খাবার কেনা যায় না।
সোহেল মিয়ার বাবা–মা বেঁচে নেই। রওশনের বাবাও মারা গেছেন। মা থাকেন ভাইদের সঙ্গে। দুজনের ভাইবোনেরা সম্পর্ক রাখেননি তাঁদের সঙ্গে।
নিজের সংসার সম্পর্কে সোহেল মিয়া বললেন, ‘আমার সংসারে অর্থবিত্ত নাই। মায়া–মহব্বত আছে। আমার ওয়াইফের চেহারা খুব ভালো। আমার মেয়েটাও হইছে ফুটফুটে। আমরা খুব সুখে আছি।’
তিনজনের ছোট সংসারের বেশির ভাগ কাজই করেন সোহেল মিয়া। রওশন বসে বসে টুকটাক রান্নার সবজি কেটে দেন, রান্নাটা করেন সোহেল মিয়াই।
শারীরিক প্রতিবন্ধী হওয়ায় ভাইবোন এবং আশপাশের লোকজনের কাছ থেকে প্রতি পদে পদে অবহেলা সহ্য করতে হয় রওশনকে। তবে সোহেল মিয়া আজ পর্যন্ত এ নিয়ে কোনো কথা বলেননি। শুধু আফসোস, রওশন গত ১৫ বছরেও শ্বশুরবাড়ি যেতে পারেননি।
রওশন-সোহেল দম্পতি এখন একটাই স্বপ্ন দেখেন, মেয়েটাকে পড়াশোনা করাবেন, মানুষের মতো মানুষ বানাবেন।