আড়াইহাজারে মারিয়া আক্তার (৩০) নামের এক গৃহবধূকে পুড়িয়ে হত্যা ও ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগে তাঁর স্বামী ও গ্রামের মাতবরসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁদের গ্রেপ্তার করা হয়।আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম জানান, গতকাল দুপুরে উপজেলার ছোট বিনাইরচর এলাকা থেকে মারিয়ার স্বামী সোলায়মান, ভাশুর আজহার, গ্রামের মাতব্বর সাত্তার, মোখলেছ, সিরাজুল ও আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। মেয়েকে হত্যার দায়ে মারিয়ার বাবা ইসমাইল মিয়া বাদী হয়ে থানায় মামলা করেছেন।ওসি আরও জানান, পাঁচ বছর আগে উপজেলার ছোট বিনাইরচর গ্রামের মারিয়ার সঙ্গে একই গ্রামের ফজর আলীর ছেলে সোলায়মানের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন কারণে মারিয়াকে মারধরসহ নানাভাবেই নির্যাতন করতেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। ২০ জুলাইও দুই পক্ষের মধ্যে বাগিবতণ্ডা হয়। ওই দিন রাতেই মারিয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে মারাত্মক দগ্ধ মারিয়াকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নয় দিন পর গত শনিবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনা ভিন্ন খাতে নিতে এলাকার প্রভাবশালী মহল আপস মীমাংসার জন্য মারিয়ার বাবাকে চাপ দিতে থাকে এবং পুলিশকে না জানিয়েই লাশ দাফন করে ফেলে।